
আজ বিষোদ্গার তো কাল হাত ধরাধরি—চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার সম্পর্ক এমনই। এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং আ জ ম নাছির উদ্দীনের সম্পর্ক প্রতি ২৪ ঘণ্টায় ওঠানামা করে। এই মন্তব্য চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ আফসারুল আমীনের।
চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঠিকানা আসলে দুটি। একটি হলো নগরের ষোলশহর এলাকার চশমা হিল। এটি মহিউদ্দিনের বাসা। সব সময়ই নেতা-কর্মীদের একাংশের ভিড় লেগে থাকে এখানে।
অন্যটি এম এ আজিজ স্টেডিয়ামে অবস্থিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কার্যালয়। মেয়র নাছির সিটি করপোরেশনের কাজ সেরে সময় পেলেই সেখানে যান। তিনি সিজেকেএসের সাধারণ সম্পাদক। তাঁর অনুসারী নেতা-কর্মীরা এখানেই ভিড় জমান।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বড় একটি অংশ মহিউদ্দিনকে ঘিরেই কর্মসূচি পালন করে। অন্য অংশটি মেয়রের সঙ্গে রয়েছে।
গত ১৭ এপ্রিল আ জ ম নাছির উদ্দীনের হাতে হাত রেখে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের আপাত অবসান ঘটান মহিউদ্দিন চৌধুরী। এরপর থেকে দুই নেতা এক মঞ্চে দলীয় কর্মসূচি পালন করছেন। তবে বিরোধ মিটে গেছে বলা হলেও দুই নেতাকে ঘিরে যুবলীগ ও ছাত্রলীগের বিরোধ অনেকটাই প্রকাশ্য। মহিউদ্দিনের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা সুইমিংপুলের বিরোধিতা করে ১৮ এপ্রিল পুলিশের সঙ্গে স্টেডিয়ামপাড়ায় ব্যাপক সংঘর্ষে জড়ান। নগরের বিভিন্ন কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরোধের বড় কারণও এটি।
নগর আওয়ামী লীগের সর্বেশেষ সম্মলেন হয়েছে ২০০৫ সালে। মহিউদ্দিন ও কাজী ইনামুল হকের নেতৃত্বাধীন এই কমিটি ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্র থেকে মহিউদ্দিন ও নাছিরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর কমিটির মেয়াদ থাকলেও তা মানা হচ্ছে না। একই অবস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলাতেও। ২০০৬ সালে দক্ষিণে সর্বশেষ সম্মেলন হয়। এরপর কমিটি হলেও সম্মেলন আর হয়নি। চট্টগ্রাম উত্তর জেলায় সর্বেশষ সম্মেলন হয় ২০১২ সালে। মেয়াদ ফুরিয়ে গেলেও এই কমিটি এখনো দায়িত্ব পালন করছে। কেবল সভাপতি পদে বদল হয়েছে। উত্তর জেলার সভাপতি ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তাঁর জায়গায় আরেকজন সভাপতি হয়েছেন।
সম্মেলন না হওয়ার বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের দাবি, ২০০৭-এর এক-এগারোর সময় ক্ষমতার পটপরিবর্তন, জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি-জামায়াতের নাশকতার কারণে তাঁরা নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেননি।
এদিকে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করাকে কেন্দ্র করে সাবেক মেয়র মহিউদ্দিন ও বর্তমান মেয়র নাছির বিপরীতমুখী অবস্থান নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নগর আওয়ামী লীগের দুজন প্রভাবশালী নেতা জানান, আগামী নির্বাচনে চট্টগ্রাম নগরের তিনটি আসনের বর্তমান সাংসদদের কাউকে চাচ্ছেন না মহিউদ্দিন চৌধুরী। পতেঙ্গা থেকে নির্বাচিত সাংসদ এম এ লতিফ ও কোতোয়ালি-বাকলিয়া থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর সম্পর্ক ভালো নেই। আবার মেয়র নাছিরের সঙ্গে এই দুই সাংসদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এ ছাড়া ডবলমুরিং-পাহাড়তলী আসনের আওয়ামী লীগের সাংসদ আফসারুল আমীনের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর সম্পর্কও ভালো যাচ্ছে না। এই তিন সাংসদের বিকল্প প্রার্থী মহিউদ্দিন চৌধুরী খুঁজছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।
দলীয় সূত্র জানায়, ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী চতুর্থ দফায় মেয়র প্রার্থী হতে দলীয় সমর্থন চেয়েছিলেন। কিন্তু চট্টগ্রামের তিন সাংসদ গোপনে মহিউদ্দিনের বিরোধিতা করে আ জ ম নাছির উদ্দীনকে সমর্থন দেন। ওই নির্বাচনে মহিউদ্দিনের পাশে স্থানীয় বেশির ভাগ নেতা ও সাংসদ ছিলেন না। তাঁরা নাছিরকে সমর্থন দেন। পরে গণভবনে চট্টগ্রামের নেতাদের ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ জ ম নাছিরকে দলের সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। এতে স্থানীয় রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন মহিউদ্দিন চৌধুরী। আগামী সংসদ নির্বাচনে ওই তিন সাংসদ যাতে মনোনয়ন না পান, সে চেষ্টা চালাচ্ছেন তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুই সাংসদের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সম্পর্ক নেই। আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে তাঁরা আসেন না। এই তিন আসনে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক খুঁজছি। ত্যাগী, জ্ঞানী এবং জনগণের সঙ্গে সম্পর্ক আছে—এমন প্রার্থী দিতে কেন্দ্রের কাছে অনুরোধ থাকবে।’
প্রার্থী খোঁজার বিষয়ে মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের বিষয়ে সাংসদ আফসারুল আমীন বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন দেন শেখ হাসিনা। তিনি প্রতিনিয়ত দলের সাংসদদের গোপন তথ্য নিচ্ছেন। তাঁর (মহিউদ্দিন চৌধুরী) এসব কথাবার্তা জ্যৈষ্ঠ মাসে আমসত্ত্বের প্রলোভন দেখানোর মতো ঘটনা মনে হচ্ছে।’
এ বিষয়ে মেয়র নাছির বলেন, ‘প্রধানমন্ত্রী যাঁকে মনোনয়ন দেবেন, তাঁকে জিতিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করব। সেই প্রার্থী দলের বা জোটের যিনি হোন তাঁর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
নেতাদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে ২৯ এপ্রিল চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, কাদা-ছোড়াছুড়ির কারণে চট্টগ্রাম মরুভূমি হয়ে উঠেছে। অসুস্থ প্রতিযোগিতা রাজনীতির জন্য কোনো দিনই শুভ নয়।
নগর কমিটির মতো চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগও দুই নেতাকে কেন্দ্র করে বিভক্ত। গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সভাপতি মোছলেম উদ্দিনের দূরত্ব কমিয়ে আনা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর বড় ছেলে সাইফুজ্জামান সাংসদ ও প্রতিমন্ত্রী হওয়ার আগে রাজনীতি করতেন না। তিনি পরিবারের ব্যবসা ও শিল্পকারখানা চালাতেন। ২০১২ সালের নভেম্বরে বাবার মৃত্যুর পর আনোয়ারার শূন্য আসনে ছেলে সাইফুজ্জামান প্রার্থী হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর মন্ত্রিসভায় জায়গা পান তিনি।
স্থানীয় রাজনীতিতে বিরোধের বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘উনি (মোছলেম) আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন। আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝি ছিল। চার দফা আমরা নিজেদের মধ্যে বৈঠক করে দূরত্ব ঘুচিয়ে নিয়েছি।’ দূরত্ব ঘোচানোর বিষয়টি মোছলেম উদ্দিনও স্বীকার করেছেন।
নগর ও দক্ষিণ জেলার মতো চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগেও দ্বন্দ্ব রয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের বাড়ি মিরসরাইয়ে। তাঁর নির্বাচনী আসনে বিকল্প কোনো নেতা তিনি তৈরি হতে দেননি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে দলের আরেক পক্ষ বলছে, মিরসরাইসহ চট্টগ্রামে দলকে সংগঠিত করার পেছনে মন্ত্রীর অনেক অবদান রয়েছে।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মিরসরাই উপজেলা নির্বাচনে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের আরেকজন প্রার্থী দেন মন্ত্রী মোশাররফ। এ কারণে ওই নির্বাচনে গিয়াসসহ আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থী হেরে যান। সেখানে জয়ী হন বিএনপি-সমর্থিত প্রার্থী।
এ বিষয়ে গিয়াস উদ্দিন বলেন, ‘কেউ আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন। এ জন্য আমি রোষানলে পড়েছি। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে আমাকে হারানো হয়েছে।’