আনোয়ারা বেগমের কোলের ছেলে সালমানের বয়স আড়াই বছর। মেজ মেয়ে সুমাইয়া সাত বছরের। আর বড় মেয়ে সোনিয়ার বয়স বছর দশেক। সে পড়ে বাড়ির পাশেই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে। ঘরে শুধু পাঁচ মণ বোরো ধানের সম্বল রেখে খুন হয়েছেন আনোয়ারার স্বামী দিনমজুর সরওয়ার মাতুব্বর। বরিশালে ধান কাটতে গিয়ে মজুরি হিসেবে এই ধানটুকু পেয়েছিলেন সরওয়ার।
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জালালপুর বনগ্রামে কুমার নদের পাড়ে বিনোকদিয়া-রসুলপুর সড়কের কিনার ঘেঁষে সরওয়ার মাতুব্বরের বাড়ি। খাসজমিতে তাঁদের দুই ভাইয়ের দুটি টিনের ঘর। জমিজমা কিছু নেই। সরওয়ারের বড় ভাইও দিনমজুর। বিধবা মা রেণু বেগম তাঁদের সঙ্গেই থাকেন। স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে চলমান বিবাদের জের হিসেবে গত ২৮ মে এক সংঘর্ষে দিনমজুর সরওয়ার খুন হয়েছেন। ৫ জুন সোমবার বিকেলে কথা হলো পরিবারটির সঙ্গে।
বলার মতো কোনো কথাই আসছিল না তিন ছেলেমেয়ে নিয়ে অকালে বিধবা হওয়া আনোয়ারার মুখে। শোকে-দুশ্চিন্তায় তিনি বিমূঢ় হয়ে আছেন। মেয়ে দুটিও মায়ের মতো নির্বাক। মলিন শাড়ির আঁচল দিয়ে বারবার চোখ মুছতে মুছতে সরওয়ারের বৃদ্ধ মা একবার তাঁর নিরীহ ছেলের খুনিদের শাস্তির কথা বলছিলেন, তো পরক্ষণেই তিন নাতি আর ছেলের বউয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আচ্ছন্ন হচ্ছিলেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানের বাড়িতে ঘটনার দিন সকালে বল্লম-সড়কি নিয়ে হামলা করতে এসেছিল প্রতিপক্ষ হাফিজুর মাতুব্বরের কয়েক শ সমর্থক। তারা চেয়ারম্যানের বাড়িতে আগুন দেয়। গ্রামের অনেক বাড়িতে হামলা করে। এই হামলার সময় সেখানে চেয়ারম্যানের সমর্থক সরওয়ারও গিয়েছিলেন প্রতিরোধ করতে। প্রতিপক্ষের বল্লম ও দায়ের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গ্রামে লুটপাটের ঘটনা ঘটে। সরওয়ারের মা জানালেন, পুলিশ কয়েকবার তাঁদের বাড়ি এসে ঘুরে গেছে। তারপর কী হয়েছে তাঁরা আর কিছু জানেন না।
চেয়ারম্যান হাবিবুর রহমান প্রথম আলোকে বললেন, সরওয়ার রাজনীতি করতেন না। তিনি পরিস্থিতির শিকার হয়ে খুন হয়েছেন।
ধারাবাহিক খুনোখুনি
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, এই সংঘাতের পেছনে আছে উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃত্বের দ্বন্দ্ব। কেননা গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবরের লোক হিসেবে পরিচিত। ফলে আয়মনের প্রতিপক্ষের সমর্থক গোষ্ঠীর হামলার শিকার হতে হয়েছে তাঁকে।
নগরকান্দাও সালথা উপজেলার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই তা সহিংসতায় গড়ায়। চলতি বছরের পাঁচ মাসে এখানে আওয়ামী লীগের দুই পক্ষে অন্তত ১৬টি বড় রকম সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। পুলিশের দেওয়া তথ্যে আহত হয়েছেন ৩০১ জন এবং ২৪৩টি বাড়ি ও দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ এই বিবাদের শিকার হয়েছেন সরওয়ার মাতুব্বর। গত ৩০ এপ্রিল সালথা উপজেলার আটঘর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন গোয়ালপাড়া গ্রামের কৃষক জিয়া শেখ (২৭)। এ সময় ৩১ জন আহত হন। ২০টি বাড়ি ভাঙচুর করা হয়।
এর আগেও এখানে ২০১৩ সালে সালথার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোস এবং গত বছর গট্টি ইউপি চেয়ারম্যান তেহারউদ্দিন খুন হন।
আওয়ামী লীগে দুটি পক্ষ
জাতীয় সংসদে ফরিদপুর-২ আসনটি গঠিত হয়েছে নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে। ২০০৮ সালে নগরকান্দা উপজেলা ভেঙে সালথা আলাদা থানা করা হয়। পরের বছর ২০০৯ সাল থেকে সালথা উপজেলার কার্যক্রম শুরু। সংসদীয় আসনে এই দুই উপজেলার সঙ্গে সদরপুরের হাট কৃষ্ণপুর ইউনিয়ন যোগ হয়।
এই আসনে স্বাধীনতার পর আওয়ামী লীগের কে এম ওবায়দুর রহমান সাংসদ ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কে এম ওবায়দুর রহমান দল বদলে খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দেন। সেই সময় থেকেই আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর জন্মস্থান নগরকান্দা এলাকাতেও আওয়ামী লীগের নেতৃত্ব দিতে থাকেন। এই আসনে নানা সময়ে বিএনপির কে এম ওবায়েদ, জাতীয় পার্টির খায়রুজ্জামান, সাইফুজ্জামান ও সৈয়দা সাজেদা চৌধুরী সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাজেদা চৌধুরী নির্বাচিত হন ১৯৯১, ২০০৮ ও ২০১৪ সালে।
প্রবীণ নেত্রী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর। আয়মন ২০০৯ সাল থেকে মায়ের এলাকায় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। ২০১২ সালে সাজেদা তাঁর প্রতিনিধি হিসেবে এলাকাবাসী ও দলের নেতা-কর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন আয়মনকে। বর্তমানে আয়মন নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি। ‘সাজেদা আপার ছেলে’ হিসেবে এলাকায় আয়মন আকবর দ্রুত সর্বজনীন ‘মামা’ হিসেবে পরিচিতি লাভ করেন। তবে তাঁর কিছু কিছু পদক্ষেপের জন্য দলের ভেতরের একটি অংশের কাছে তিনি বিরাগভাজন হয়ে পড়েন। এলাকায় আওয়ামী লীগ দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। এর একটির নেতৃত্ব দিচ্ছেন আয়মন আকবর, অন্য পক্ষে রয়েছেন একসময় তাঁদেরই ঘনিষ্ঠজন বলে পরিচিত সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
দ্বন্দ্বের কারণ
গত কয়েক দিনে প্রথম আলোর সঙ্গে নগরকান্দা ও সালথা আওয়ামী লীগের উভয় পক্ষের অনেক নেতা-কর্মীর কথা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। জানা গেছে, আয়মন আকবর দলের ভেতর নিজস্ব প্রভাববলয় তৈরির জন্য বিএনপি বা অন্য দলের কিছু লোককে আওয়ামী লীগে এনেছেন। এই নবাগতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নগরকান্দা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান। তিনি বর্তমানে সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সালথা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, যিনি বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং নগরকান্দায় উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান সর্দার পরাজিত হন। তাঁরা দুজনই ২০০৯ সালে নির্বাচিত হয়েছিলেন। এই নেতারা মনে করেন, এবার তাঁদের পরাজয়ের পেছনে আয়মন আকবর কলকাঠি নেড়েছেন।
দেলোয়ার হোসেন আয়মনের শক্ত বিরোধী পক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছেন। এলাকায় নেতৃত্বের প্রভাব বজায় রাখতে দুই পক্ষের সমর্থকদের বিবাদ-বিসংবাদ ঘটছে প্রায়ই।
এলাকায় আওয়ামী লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব-সংঘাত সম্পর্কে আয়মন আকবর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ রক্তপাত মেনে নেওয়া যায় না। প্রশাসন নিরপেক্ষ হলে এ সমস্যা এক ঘণ্টার মধ্যে সমাধান করা সম্ভব।’ তিনি বলেন, ‘বাইরের হস্তক্ষেপের কারণে এই সংকট সৃষ্টি করা হচ্ছে। ফরিদপুর শহর থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে। পুলিশ প্রশাসন চাপের মুখে আছে। তারা ঠিকমতো কাজ করতে পারছে না। আমরাও আতঙ্কের মধ্যে আছি।’
পুরোনো নেতাদের অবমূল্যায়ন ও নতুনদের পৃষ্ঠপোষকতার অভিযোগ সম্পর্কে আয়মন আকবর বললেন, ‘কিছু নেতা সিন্ডিকেট করত। আমি তা ভেঙে দিয়েছি। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করা হচ্ছে দলের প্রয়োজনেই। বাইরে থেকে মদদ দিয়ে এখানে পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগের কোনো নিবেদিত কর্মীই চান না দলের বদনাম হোক।’ কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, বাইরের হস্তক্ষেপ বন্ধ হলে এত দিনে নগরকান্দা-সালথার সমস্যার সমাধান হয়ে যেত।
আয়মনের প্রতিপক্ষ হিসেবে পরিচিতবিরোধী পক্ষের নেতা সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রথম আলোকেবলেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে যে স্থানীয়ভাবে তা সমাধান সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা আয়মন আকবরের নেতৃত্ব মানি না। এই এলাকায় বর্তমান সরকারের আমলে এমন উন্নতি হয়েছে, যা অকল্পনীয়। অথচ তাঁর (আয়মন) কারণে সেই উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরা যাচ্ছে না। এখানে বাইরের কোনো উসকানি নেই। আমরা দলের কেন্দ্রের কাছে আমাদের বক্তব্য লিখিত এবং মৌখিক উভয়ভাবেই পেশ করেছি। দলের নেত্রী যে সিদ্ধান্ত দেন, আমরা তা মেনে নেব। অন্য কারও কথা এখানে চলবে না।’