নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন।
গতকাল রাতে গজারিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. বদরুজ্জামানকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। এর আগের দিন বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ডাঙ্গা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবেরুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইকবাল নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘এ ইউপিতে তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হয়েও নিজের ভোটটিও দিতে পারিনি। আওয়ামী লীগের সমর্থকেরা সেটা দিয়ে দেন। সব কেন্দ্রে আমার এজেন্টদের স্বাক্ষর নেওয়ার পরপরই বের করে দিয়ে নৌকা প্রতীকে অবাধে সিল মারা হয়।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূরের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি।