ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক সংগঠন হিসেবে পরিচিত ওলামা লীগের কার্যক্রম বন্ধ করে নতুন একটি ধর্মভিত্তিক সমর্থক সংগঠন করার প্রস্তাব নিয়ে দলটিতে পক্ষে-বিপক্ষে দুটি মত দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের নেতারা বলেছেন, একাধিক ভাগে বিভক্ত আওয়ামী ওলামা লীগ নামের সংগঠনটির কট্টরপন্থী অনেক কর্মকাণ্ড আওয়ামী লীগকেই বিব্রতকর অবস্থায় ফেলেছে। সে কারণে এর কার্যক্রম বন্ধে আওয়ামী লীগে ঐকমত্য হয়েছে।
কিন্তু একই ধরনের আরেকটি সংগঠন করার প্রশ্নে আওয়ামী লীগের নেতাদের অনেকে বলেছেন, সব মতের মানুষকে তাঁরা সঙ্গে রাখতে চান। আবার অনেক নেতা মনে করেন, অসাম্প্রদায়িক রাজনীতির অবস্থান থেকে এ ধরনের সংগঠন তৈরি করা সঠিক হবে না।
ওলামা লীগ নিজেদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে দাবি করলেও বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। হেফাজতে ইসলামের মতো ওলামা লীগও পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী পাঠক্রম আছে বলে দাবি তুলেছিল। বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের বিরুদ্ধেও সংগঠনটি অবস্থান নিয়েছিল। ওলামা লীগের দুটি অংশ একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে কট্টরপন্থী অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের নেতাদের অনেকে এর সঙ্গে তাঁদের দলের সম্পৃক্ততা অস্বীকার করে আসছিলেন।
শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে ওলামা লীগের কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হয়।
আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ বলেছেন, গ্রুপিং এবং দলের আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ওলামা লীগের কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়েছে। এখন স্বাধীনতার পক্ষের ওলামাদের সংগঠিত করে নতুন একটি সংগঠন করার বিষয়ও সম্পাদকমণ্ডলীর বৈঠকে আলোচনা হয়েছে। তিনি একই আদলে নতুন একটি সংগঠন দাঁড় করানোর এ প্রস্তাব এনেছেন। এ নিয়ে সম্পাদকমণ্ডলীতেই পক্ষে-বিপক্ষে মত আসে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘এটা একটা প্রস্তাব হিসেবে এসেছে। আর এ ধরনের বিভিন্ন শ্রেণি-পেশা বা বিভিন্ন মতকে ঐক্যবদ্ধ করার ব্যাপারটা অতীতেও ছিল। আওয়ামী লীগ করেন এমন অনেকে তো বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে আছেন। তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না। সবটাই প্রস্তাবনার পর্যায়ে আছে। এটা বাঁকা চোখে দেখার কী আছে?’