আওয়ামী লীগের নামে দোকান খোলা বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশে (বাঁ থেকে) মিসবাহউদ্দিন সিরাজ, মাহবুব উল আলম হানিফ, ওবায়দুল কাদের ও আবুল মাল আবদুল মুহিত l ছবি: প্রথম আলো
সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশে (বাঁ থেকে) মিসবাহউদ্দিন সিরাজ, মাহবুব উল আলম হানিফ, ওবায়দুল কাদের ও আবুল মাল আবদুল মুহিত l ছবি: প্রথম আলো

আওয়ামী লীগে ‘কাউয়া’ (কাক) ঢুকেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘কাউয়া’ তাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘সংগঠনে কাউয়া ঢুকছে। জায়গায় জায়গায় কাউয়া আছে। পেশাহীন পেশিজীবী দরকার নেই। ঘরের ভেতর ঘর বানানো চলবে না। মশারির ভেতর মশারি টানানো চলবে না।’
তবে ‘কাউয়া’ কারা, বিষয়টি খোলাসা না করে তিনি বলেন, এই আওয়ামী ওলামা লীগ, প্রচার লীগ, তরুণ লীগ, প্রবীণ লীগ, প্রজন্ম লীগ, কর্মজীবী লীগ, ডিজিটাল লীগ, হাইব্রিড লীগ—এই সব এল কোথা থেকে? এই সব আওয়ামী লীগের নামে আলাদা আলাদা দোকান খুলে বসে আছে। এই নাম ব্যবহার বন্ধ করতে হবে, আওয়ামী লীগের নামে দোকান খোলা বন্ধ করতে হবে। এসব দোকানদারকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।
সিলেট নগরের কেন্দ্রস্থলে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগের চার জেলার তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রায় ১০ হাজার তৃণমূল প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে এ সমাবেশ হয়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ১৫ বছর বিরতি দিয়ে তৃণমূল সমাবেশ হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলে সমাবেশ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট-১ আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ পঙ্কজ দেবনাথ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ। সিলেট বিভাগের বিভিন্ন আসনের সাংসদসহ জেলার নেতারা মঞ্চে ছিলেন। ওবায়দুল কাদের তৃণমূল প্রতিনিধিদের আগামী জাতীয় নির্বাচনের আগেই সিলেটের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বাতিল করে নতুন কমিটি গঠনের কথা জানান।
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতির কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আর মাত্র দেড় বছর বাকি। নেতা-কর্মীদের কথা কম বলে বেশি বেশি কাজ করতে হবে। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, আরও আধুনিক হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আরও শক্তিশালী ও আধুনিক আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশ নিতে চাই এবং বিজয়ী হতে চাই।’
অর্থমন্ত্রীর আসনে প্রার্থিতা ঘোষণা
সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বক্তৃতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ আসনে বর্তমান সাংসদ। মিসবাহ বলেন, ‘আমি তিনবারের সাংগঠনিক সম্পাদক। জীবনে জনপ্রতিনিধি হতে পারিনি। যেহেতু আমাদের সুযোগ্য অর্থমন্ত্রীর বয়স হয়েছে, তিনি অবসর নেবেন। আজ যখন সুযোগ এসেছে, আমি আপনাদের সহায়তা পেলে দলের সভানেত্রী প্রধানমন্ত্রীর কাছে সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার আবেদন জানাতে চাই।’ তাঁর এ ঘোষণায় তৃণমূলের প্রতিনিধিরা তখন ‘মিসবাহ ভাইকে সংসদে দেখতে চাই’ ব্যানার উঁচিয়ে দেখান। এ সময় সমাবেশস্থলের মঞ্চে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তাঁর ছোট ভাই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে অর্থমন্ত্রী প্রার্থী না হলে তাঁর ছোট ভাই প্রার্থী হতে পারেন, এমন প্রচারণা রয়েছে সিলেটে। তৃণমূল সমাবেশে নিজ আসনে প্রার্থিতা ঘোষণা নিয়ে অবশ্য অর্থমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় কোনো মন্তব্য করেননি।
প্রার্থিতা ঘোষণার বিষয়টি মিসবাহউদ্দিন সিরাজের ‘একান্ত ব্যক্তিগত’ বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তবে এভাবে বলাটা আমরা ইতিবাচকভাবে দেখছি না।’