আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে আছে। তাই মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে চায়। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে থাকবে। তখন দেখব কার কত হিম্মত।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা নগরবাসী’ আয়োজিত ঈদ আনন্দ শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আগামীকাল (আজ) শুক্রবার থেকে পুরো দেশবাসী শোকের মাস হিসেবে পালন করবে। এই শোকের মাসে বিএনপি আন্দোলনের কথা বলেছে। তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগের মতো জ্বালাও-পোড়াও, পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার, তা-ই করবে।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।