আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তী সময়ে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে নাম হয় আওয়ামী লীগ।
প্রতিষ্ঠার পর ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর নির্বাচন, আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও ’৭১-এর মুক্তিযুদ্ধে দলটি নেতৃত্ব দেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলটি ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসে। এরপর আবার ক্ষমতায় আসে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে। ২০১৪ সালের নির্বাচনের পর দলটি টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাণীতে বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও আওয়ামী লীগ দেশের মানুষের মহৎ ও শুভ অর্জনে পাশে থাকবে। দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে আওয়ামী লীগের শুরু থেকে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দলের কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।
কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। সূর্যোদয়ের সময় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সকাল সাড়ে আটটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।