আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা
২৩ জুন আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম। অবশ্য শুরুতে এর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ গতকাল সোমবার কর্মসূচি ঘোষণা করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধানিবেদন ও আলোচনা সভা। ২৩ জুন সূর্যোদয়ের লগ্নে সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে আটটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়রা উন্মুক্ত ও বেলুন ওড়ানো হবে।
বেলা আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।