চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম দলীয় সমর্থন পেয়েছেন। তিনি চট্টগ্রাম জেলা পরিষদের বর্তমান প্রশাসক।
গতকাল শুক্রবার রাতে ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা পরিষদ নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এম এ সালামকে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের
কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চট্টগ্রামে ভোটারের সংখ্যা ২ হাজার ৭৫০ জন।
দলীয় সমর্থন পাওয়ার পর এম এ সালাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘যোগ্যতাকে বিচার করে প্রধানমন্ত্রী আমাকে সমর্থন দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ।’