আওয়ামী লীগের প্রার্থী সরব, বিএনপির প্রার্থী লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদে চেয়ারম্যান উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী গ্রামে গ্রামে জনসংযোগ করছেন। উঠান বৈঠক করছেন। কিন্তু বিএনপির প্রার্থীর কোনো খোঁজ নেই। তাঁর পক্ষে কোনো প্রচারও নেই। বিএনপির প্রার্থী হত্যার হুমকি মাথায় নিয়ে এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
এখানে আওয়ামী লীগের প্রার্থী হলেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন। ২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর থেকে মাতৃভাষা দিবস উদ্যাপন প্রস্তুতি সভার নামে জনসভা ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন আওয়ামী লীগের প্রার্থী। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত বিএনপির প্রার্থী এলাকায় যাননি।
দলীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দা মনিরুন নাহার গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। দিনরাত জনসংযোগ ও উঠান বৈঠক করছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন হাট-বাজার। কিন্তু বিএনপির ধানের শীষের প্রার্থী মঞ্জুর হোসেন তফসিল ঘোষণার পর এক দিনের জন্যও এলাকায় আসেননি। তিনি বরিশালে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে লাপাত্তা। তাঁর পক্ষে এলাকায় কোনো পোস্টার ও প্রচার-প্রচারণাও নেই।
বিএনপির তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, বিএনপির প্রার্থী দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে এলাকায় আসেন না। এমনকি কোনো নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগও করেননি। তিনি শুধুই দলের প্রার্থী হয়েছেন। মাঠে কোনো অস্তিত্ব নেই। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আবু বকর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন সঠিক হয়নি। এ ধরনের দুর্বল প্রার্থী দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।’
জানতে চাইলে বিএনপির প্রার্থী মঞ্জুর হোসেন বলেন, ‘আমি গত বছর অনুষ্ঠিত নির্বাচনে সরিকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ছিলাম। তখন আওয়ামী লীগের দুই শতাধিক সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ করেন। আমার স্ত্রী ও পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করা হয়। অথচ পরে উল্টো আমি, আমার পরিবারের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে কয়েকটি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এক বছর ধরে আমি এলাকায় যেতে পারছি না। আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় নামতে দেওয়া হচ্ছে না।’
বিএনপি-সমর্থিত কয়েকজন ভোটার বলেন, বিএনপির দুটি পক্ষ। এ দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ১৫ ফেব্রুয়ারি বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ঢাকায় বৈঠক বসে। ওই বৈঠকে দলীয় কোন্দল মীমাংসা করা হয়। কিন্তু নির্বাচনী মাঠে এর কোনো প্রভাব পড়েনি। কোনো কেন্দ্রীয় নেতা দূরে থাক, স্থানীয় কোনো নেতা-কর্মীও মাঠে নেই। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান ও কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ চলছে। বিনা চ্যালেঞ্জে কাউকে ছাড়া হবে না।
তবে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা মনিরুন নাহার বলেন, ‘বিএনপির প্রার্থী মিথ্যাচার করছেন। গত ইউপি নির্বাচনে বিভিন্ন সময় প্রচারণার নামে আমাদের দলীয় নেতা-কর্মীদের শতাধিক মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া অর্ধশত নেতা-কর্মী ও সমর্থককে জখম করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় আসতে পারছেন না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন হাওলাদার বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই ভোটের মাঠে আসছে না। তবে ভোটারদের বিভ্রান্ত করছে।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।