আওয়ামী লীগের লোকেরা মাদক আমদানি করছে: খালেদা জিয়া

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোকেরা মাদক আমদানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘তারা নিজেরা নষ্ট হয়ে গেছে। এখন যুব সমাজকেও নষ্ট করছে।’
আজ সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ সব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘আজ আওয়ামী লীগের লোকেরা মাদক আমদানি করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যার জন্য আজ মহিলারাও কি ঘরে কি বাইরে, কোথাও নিরাপদ নয়। তারা লুটপাট করে এত টাকা বানিয়েছে যে, কি করে খরচ করবে কূল পাচ্ছে না। আগে কখনো দেখা যায়নি, এভাবে বাসে-ট্রেনে মেয়েরা নির্যাতিত হয়, গণধর্ষণের শিকার হয়। এসব দেখে কষ্ট হয়, দুঃখ হয়।’
সরকারকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছে। অথচ দ্রব্যমূল্যে দিশেহারা সাধারণ মানুষের দিকে তাদের নজর নেই। তারা আছে লুটপাট নিয়ে। আর কি করে আমাদের, ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের জুলুম নির্যাতন করবে, ক্ষমতাকে কীভাবে পাকাপোক্ত করবে, তা নিয়ে।’
বিএনপির চেয়ারপারসন কারাবন্দী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বারবার স্থগিত হওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আদালত আমাদের মহাসচিবের জামিন দিয়ে দিয়েছিল। কিন্তু সরকার জামিন নিয়ে ষড়যন্ত্র ও হয়রানি করছে। অথচ, আওয়ামী লীগের লোকজন খুন করে গুম ও জামিন পেয়ে যাচ্ছে।’
জাগপার সভাপতি শফিউল আলম প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইফতারে বিএনপির এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, এলডিপির অলি আহমদ, জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মুহাম্মদ ইসহাক, জামায়াতের রেদওয়ান উল্লাহ শাহেদীসহ ২০-দলের নেতারা অংশ নেন।