বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন ও আমীর-উল ইসলামেরা এখন ১ নম্বর আওয়ামী লীগবিরোধী। আর রোকনউদ্দিন মাহমুদ এদিকেও আছেন, ওদিকেও আছেন। আওয়ামী লীগের শত্রুরাই এখন আদালতের বন্ধু।
সচিবালয়ে গতকাল কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ আল দেহিমীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য দিতে তাঁদের তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আবদুল মতিন খসরু (সাবেক আইনমন্ত্রী) ও আবদুল বাসেত মজুমদারেরা অ্যামিকাস কিউরি হতে পারেন না।
বাণিজ্যমন্ত্রী কামাল হোসেনের উদ্দেশে আরও বলেন, ‘আমি’ ও ‘আমরা’ বলার এখতিয়ার একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল। এখন আছে শেখ হাসিনার। এ কথা বলার মতো জায়গা তৈরি করতে হয়। কামাল হোসেনরা ‘আমি’ ও ‘আমরা’ নিয়ে কথা বলতে পারেন না। প্রধান বিচারপতি যে ষোড়শ সংশোধনী বাতিল করেছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় দিলে ওই ব্যবস্থা আবারও ফিরতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর হয়ে গেছে। এখানে কেউ হাত দিতে চাইলে সেই হাত খুলে যাবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণে অনেকে বিব্রত হয়েছেন। রায় নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, তার সুরাহা তিনিই করতে পারেন, অপ্রাসঙ্গিক কথাগুলো বাদ দিতে পারেন।’