আওয়ামী লীগের সম্মেলন আবার পিছিয়ে যাচ্ছে
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পিছিয়ে যাচ্ছে। ২৮ মার্চ পূর্বনির্ধারিত সম্মেলন হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। কাল রোববার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকেই তা স্থগিতের ঘোষণা আসবে। পরিবর্তিত কোন তারিখে সম্মেলন হবে, এই ঘোষণা এখনই আসছে না। দায়িত্বশীল সূত্র বলছে, দলের নেতৃত্ব নির্বাচনের এই জাতীয় সম্মেলন জুলাই কিংবা সেপ্টেম্বরে চলে যেতে পারে।
আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। তিন বছর মেয়াদি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গত ডিসেম্বর মাসেই। গত জানুয়ারি মাসে মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়। বর্তমান কমিটির মেয়াদ আরেক দফা ছয় মাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, মার্চের সম্মেলন না হওয়ার পেছনে দৃশ্যমান কারণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ডিসেম্বরে সম্মেলন না হওয়ার পেছনেও মূল কারণ হিসেবে দলের নেতারা পৌরসভা নির্বাচনের কথা বলেছিলেন। আওয়ামী লীগের সম্মেলনে জেলা-উপজেলা থেকে প্রায় সাড়ে ৬ হাজার প্রতিনিধি অংশ নেন। তবে দায়িত্বশীল একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু নির্বাচন নয়, সম্মেলন ঝুলে যাওয়ার পেছনে অন্তর্দলীয় নানা হিসাব-নিকাশও কাজ করেছে।
দলের একাধিক নেতা বলেন, কাল কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রথমে পূর্বে ঠিক করা ২৮ মার্চের জাতীয় সম্মেলন স্থগিত করা হবে। এরপর আলোচনা হবে পরিবর্তিত তারিখ নিয়ে। তবে বৈঠকে সম্মেলনের নতুন তারিখ ঠিক করার সম্ভাবনা কম।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যেসব প্রতিনিধি আসবেন, তাঁরা গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত। ইউপি নির্বাচনের কারণে তাঁদের আসাটা কঠিন। এরপর পবিত্র রমজান মাস আছে। জুলাইয়ে সম্মেলন হতে পারে।
আওয়ামী লীগের দুজন দায়িত্বশীল নেতা বলেন, সাধারণ সম্পাদক পদ নিয়ে প্রতিযোগিতা আছে দলে। সৈয়দ আশরাফুল ইসলাম ২০০৮ সাল থেকে ওই পদে। তাঁর পুনরায় সাধারণ সম্পাদক হওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিতই। তবে প্রকাশ্যে না বললেও সাধারণ সম্পাদকের পদের জন্য ভেতরে-ভেতরে তৎপর কয়েকজন নেতা। এ পদে পরিবর্তন নিয়ে দলীয় সভানেত্রীও দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন বলে ওই দুই নেতার অনুমান। এ জন্যই সভানেত্রী আরও কিছুটা সময় নিচ্ছেন।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ মাথায় রেখেই জাতীয় সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছিল। অন্তর্দলীয় নানা হিসাব-নিকাশ না মেলার কারণেই সম্মেলন পিছিয়ে যাচ্ছে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির পরবর্তী জাতীয় সম্মেলন সময় মেনেই হয়। এবারও সময়মতো অর্থাৎ ডিসেম্বরে সম্মেলন করার আলোচনা শুরু হয়েছিল দলে।