আওয়ামী লীগের ৩৫, বিএনপির দুই বিদ্রোহীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলায় আওয়ামী লীগের ৩০ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে ব্রাহ্মণবাড়িয়া সদরে আওয়ামী লীগের পাঁচ ও কুমিল্লার হোমনা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলার ২৪টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৩০ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপির আবুল খায়ের, একই ইউপির শফিকুল ইসলাম, ইনাতগঞ্জের সায়েদ উদ্দিন, কুর্শির আবদুল মুকিত ও আবদুল বাছিত চৌধুরী, কালিয়ারভাঙ্গার নজরুল ইসলাম ও নবীগঞ্জ সদর ইউনিয়নের মিরাজ আলী; লাখাই উপজেলার মুড়াকরির আবুল কাশেম মোল্লা, সালাউদ্দিন সুমন ও মো. সোবহান মিয়া, মুড়িয়াউকের মাসুক মিয়া তালুকদার, বামৈ ইউপির সর্দার ওমর ফারুক, ফারুক আহমেদ, হারুনুর রশিদ নাঈম, কাউছার আহমেদ, জীবন মিয়া ও এনামুল হক, করাবের জুয়েল রানা ও মো. ছফিল মিয়া, বুল্লার মোশারফ হোসেন, মো. গিয়াস উদ্দিন ও অমূল্য রায় এবং মাধবপুর উপজেলার বহরা ইউপির আরিফুর রহমান, আদাঐরের জহিরুল ইসলাম, আন্দিউড়ার মিজানুর রহমান, শাহজাহানপুরের বাবুল হোসেন, তৌফিকুর রহমান চৌধুরী ও মিজানুর রহমান, ছাতিয়ানের আবদুস শহীদ ও বাঘাসুরা ইউপির শাহাবুদ্দিন আহমেদ।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলমগীর খানের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, উল্লেখিত ৩০ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ও গুরুত্বপূর্ণ পদে থেকেও দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করছেন। এ কারণে গত রোববার জেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাঁদের বহিষ্কার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বহিষ্কৃত পাঁচজন হলেন নাটাই (দক্ষিণ) ইউপির প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, বুধল ইউপির প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ, সাদেকুর ইউপির আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন, রামরাইল ইউপির মশিউর রহমান ও আবদুল গফুর। রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। আল মামুন সরকার বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের সমায়িক বহিষ্কার করা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লার হোমনা উপজেলায় বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন ভাষানিয়া ইউপিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও ঘারমোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় দল থেকে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মামুন বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। এলাকায় জনসাধারণ আমার পক্ষে রয়েছে, জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’