আক্কেলপুর বিএনপিতে 'বিএনপি রক্ষা কমিটি'
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘদিন থেকে দ্বিধাবিভক্ত। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট জেলা কমিটির অনুমোদন দেওয়ার পর থেকে আক্কেলপুর বিএনপির নেতা-কর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের জেলা কমিটিতে স্থান দেওয়া হয়নি—এ অভিযোগ করে তাঁরা বিএনপি রক্ষায় কমিটি গঠন করেছেন।
ওই কমিটি পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে আক্কেলপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং পৌর সদরে জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও স্থানীয় সাবেক সাংসদ গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝাড়ুমিছিল বের করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি রক্ষা কমিটির উপদেষ্টা ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি দেওয়ান কোরবান আলী মাস্টার। এ সময় কমিটির আহ্বায়ক জামশেদ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে দেওয়ান কোরবান আলী অভিযোগ করে বলেন, দলের নেতা স্থানীয় দুই সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান ও গোলাম মোস্তফা তাঁদের পছন্দের লোকজনকে জেলা কমিটিতে ঢুকিয়েছেন। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের তাঁরা কমিটিতে স্থান দেননি। জয়পুরহাটে বিএনপিতে বহু মুক্তিযোদ্ধা রয়েছেন। একজন অমুক্তিযোদ্ধাকে জেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক করা হয়েছে। এটি দল ও দলের নেতা-কর্মীদের লজ্জায় ফেলে দিয়েছে।
বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক জামশেদ আলম প্রথম আলোকে বলেন, জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফা তাঁর পছন্দের লোকজনের নাম কমিটিতে দিয়েছেন। তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের জেলা কমিটিতে রাখেননি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা কামরুজ্জামান বলেন, দলের দুই সাবেক সাংসদ তাঁদের পছন্দের লোকজন দিয়ে জেলা বিএনপির কমিটি করেছেন। এ কারণে জেলা কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা উপেক্ষিত হয়েছেন। দ্রুত জেলা বিএনপির কমিটি পুনর্গঠন করা না হলে তাঁরা জেলা কমিটি থেকে অব্যাহতি চাইবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে দলের কেন্দ্রীয় নেতারা সভাপতি পদে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক পদে জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ফজলুর রহমান এবং জ্যেষ্ঠ সহসভাপতি পদে জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফার নাম ঘোষণা করেন। পাঁচ বছর পর ১৯ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৫৯ সদস্যের জয়পুরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। দলের দুই সাবেক সাংসদ মোজাহার আলী ও গোলাম মোস্তফা যোগসাজশ করে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাঁদের পছন্দের লোকজনকে জেলা কমিটিতে ঢুকিয়েছেন বলে অভিযোগ করে আসছেন আক্কেলপুর বিএনপির নেতা-কর্মীদের একাংশ। এ পরিপ্রেক্ষিতে ২৭ নভেম্বর তাঁরা ‘বিএনপি রক্ষা কমিটি’ গঠন করেন।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান গত শনিবার প্রথম আলোকে বলেন, দলের উচ্চপর্যায় থেকে জেলার দুটি সংসদীয় আসনের সাবেক দুই সাংসদকে কমিটির তালিকা দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। সাবেক সাংসদ গোলাম মোস্তফা তাঁর নির্বাচনী এলাকার তালিকা দিয়েছেন। আর মোজাহার আলী প্রধান তাঁর নির্বাচনী এলাকার তালিকা দিয়েছেন। তাঁর (মোজাহার) এলাকায় কোনো সমস্যা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গোলাম মোস্তফার দেওয়া তালিকায় দলের ত্যাগী ও পরীক্ষিত অনেক নেতা-কর্মী বাদ পড়েছেন। এটি আমার নয়, গোলাম মোস্তফার ব্যর্থতা।’
গোলাম মোস্তফার সমর্থিত আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান দাবি করে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরাই জেলা কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন।