আগস্টে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে গণসংহতি আন্দোলন
রাজধানীতে দুই দিনব্যাপী সাংগঠনিক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির ঘোষণা করবে গণসংহতি আন্দোলন। আগামী ১৯ ও ২০ আগস্ট এই সম্মেলন হবে। এরপর নিবন্ধনের জন্য দলটি নির্বাচন কমিশনে আবেদন করবে। এ ছাড়া সম্মেলনের আগেই দেশজুড়ে ৫০ হাজার সদস্য সংগ্রহ করবে দলটি।
আজ বুধবার বগুড়ায় সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ ঘোষণা দেন। বগুড়া জেলায় আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক জনগণের আকাঙ্ক্ষার অসাম্প্রদায়িক, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে গত নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলনে ‘গণসংহতি আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জোনায়েদ সাকি। গত জানুয়ারি থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য ২০০২ সালের ২৯ আগস্ট কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলন যাত্রা শুরু করেছিল। এরপর থেকে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে, জাতীয় সার্বভৌমত্ব ও সম্পদ রক্ষার লড়াইয়ে গণসংহতি আন্দোলন সক্রিয় থেকেছে।
গত বছরের ২৭ থেকে ২৯ নভেম্বর জাতীয় প্রতিনিধি সম্মেলনে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল ঘোষণার দাবি ওঠে। এরপর পূর্ণাঙ্গ গঠনতন্ত্র, রাজনৈতিক ঘোষণা ও ১৫ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়। এখন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ ও কমিটি গঠনের কাজ চলছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপি জোট ক্ষমতা কুক্ষিগত করে এককেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই দুই জোটের অতীত-বর্তমান প্রমাণ করে তারা গণতান্ত্রিক, আত্মমর্যাদাসম্পন্ন, অসাম্প্রদায়িক, উৎপাদনশীল দেশ গড়ায় অক্ষম। তারা ক্ষমতায় থেকে নিজেরা অর্থবিত্ত গড়ে তুলেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম, বগুড়া জেলা শাখার সংগঠক আবদুর রশীদ, আবদুল মান্নান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক সাদিক রেজা প্রমুখ।