আগস্টে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ আওয়ামী লীগের
শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১ আগস্টের প্রথম প্রহরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে।
গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি নির্ধারণের জন্য আয়োজিত যৌথ সভা শেষে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কর্মসূচির ঘোষণা দেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি থাকবে। ১ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে কৃষক লীগের রক্তদান কর্মসূচির মাধ্যমে আগস্টের কর্মসূচি শুরু হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যথাযথ মর্যাদায় আগস্টের কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। আর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
হানিফ বলেন, শোকের কর্মসূচির বাইরে ৫ আগস্ট বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল আটটায় ধানমন্ডির আবাহনী মাঠে তাঁর প্রতিকৃতিতে এবং সকাল নয়টায় বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন; ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল এবং ৭ আগস্ট ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সমাবেশের আয়োজন করা হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তারেক ইস্যুতে আন্দোলন করলে প্রতিহত: তারেক রহমানের সাজার বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করা হবে—বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, তারেক একজন অপরাধী। অপরাধীকে আইনের মাধ্যমেই নির্দোষ প্রমাণের চেষ্টা করতে হবে। তারেক রহমানের মামলার রায় রাজনৈতিকভাবে মোকাবিলার কোনো সুযোগ নেই। বিএনপি যদি তারেক রহমানকে নির্দোষ মনে করে, আইনি লড়াইয়ের চেষ্টা করে দেখতে পারে। আইনি লড়াই বাদ দিয়ে রাজনৈতিকভাবে লড়াইয়ের ঘোষণা দিয়ে মাঠে নেমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জবাব দেশবাসী দেওয়ার জন্য প্রস্তুত আছে। জনগণ শক্ত হাতে তা প্রতিহত করবে।
জঙ্গি হামলার প্রতিবাদে কাল মঙ্গলবার ২০-দলীয় জোটের শরিক জামায়াতের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে হানিফ বলেন, জামায়াত নামে কোনো রাজনৈতিক সংগঠন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এরা বহু আগে আস্তাকুঁড়ে চলে গেছে। এই ধরনের কর্মসূচির নামে কেউ যদি রাস্তায় নামে তার উচিত শিক্ষা জনগণ দেবে।