আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতির পিতার ৪০তম শাহাদাত বার্ষিকী পালনের কর্মসূচি।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচির আরম্ভ করা হয়। খবর বাসসের।
দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও বিপুলসংখ্যক আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, অন্যান্য সংগঠন এবং সাধারণ মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণের পর নীরবতা পালন ছাড়াও মিলাদ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ৪০তম বার্ষিকীকে সামনে রেখে এ বছর আওয়ামী লীগ ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।
এদিকে, আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, গতরাতে আগস্টের প্রথম প্রহরে একই ধরনের কর্মসূচি পালন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মস্থানে। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল ও আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।