আগাছার সঙ্গে পরগাছাদেরও বাদ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ থেকে ‘আগাছা’ পরিষ্কার করতে প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়েছে বিএনপি। এর সঙ্গে দলটি মন্ত্রিসভা থেকে ‘পরগাছাদের’ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির মুখপাত্র বলেন, ‘শুধু ছাত্রলীগ নয়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগসহ সব জায়গা থেকে আগাছা পরিষ্কার করতে হবে। তার সঙ্গে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় যেসব ‘পরগাছা’ রয়েছে, তাদেরও বাদ দিতে হবে। এসব পরগাছা দিয়ে দেশের উন্নতি হয় না।’
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারসহ স্থানীয় নেতাদের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর নতুন করে তিনটি মামলা দায়ের ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
আসাদুজ্জামান রিপন বলেন, গত ৩০ আগস্ট নাটোরে যুবলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মী ফয়সাল খানসহ বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়। ঘটনার দুই দিন পর রুহুল কুদ্দুস তালুকদারসহ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে পরিকল্পিতভাবে ‘মিথ্যা’ মামলা করা হয় এবং ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় সন্ত্রাসীরা গত ১ বছরে নাটোরে যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে হত্যা করেছে। আহত ও পঙ্গু হয়েছেন অর্ধশত নেতা-কর্মী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ, আবদুস সালাম আজাদ, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম প্রমুখ।