আগাম জামিন পেলেন বিএনপির ৩ নেতা
পল্টন থানায় করা তিনটি মামলা থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া ও আমানউল্লাহ আমান। অন্যদিকে মানহানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় করা একটি মামলা থেকেও চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির আরেক নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে পল্টন থানার ওই তিনটি মামলা ও মতিঝিলের একটি মামলা থেকে আগাম জামিন চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে তাঁর পক্ষে আবেদন করেন তাঁর আইনজীবী। তবে তিনি উপস্থিত না থাকায় এ বিষয়ে শুনানি হয়নি।
৪ জানুয়ারি পল্টন থানায় দুটি ও মতিঝিলে একটি মামলা হয়। আর ২৮ ডিসেম্বর পল্টনে একটি মামলা হয়।
আর বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী ও খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে আসামি করা হয়। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।