আগাম জামিনের নির্দেশনা পুনর্বিবেচনার আবেদন খারিজ
আগাম জামিন বিষয়ে সাত দফা নির্দেশনাসংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। এর ফলে আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টে আপিল বিভাগের আগের নির্দেশনাই বহাল থাকল।
একই দিনে নাশকতার ৫৬টি মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহ করে আগাম জামিন পেয়েছেন বিএনপির চার নেতা। তাঁরা হলেন এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, আবদুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমান।
গত বছরের ১০ ফেব্রুয়ারি বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। পরে এই আদেশ বাতিল করে দেন আপিল বিভাগ। ১৮ মার্চ আপিল বিভাগের ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়, যাতে আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টকে সাত দফা নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, শুধু বিশেষ ও ব্যতিক্রমী পরিস্থিতিতে কোনো মামলার আসামিকে আগাম জামিন দিতে পারবেন হাইকোর্ট। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপিল বিভাগের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।
আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল আপিল বিভাগ তা খারিজ করেন। এ সময় আদালত বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ রায়ে সংক্ষুব্ধ পক্ষ নন। এ জন্য তাঁদের আবেদন গ্রহণযোগ্য নয়। যদি কোনো সংক্ষুব্ধ পক্ষ এই আবেদন নিয়ে আদালতে আসেন, তখন বিষয়টি দেখা যাবে।
এর আগে এই আবেদনের শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ বলেন, আপিল বিভাগের এ রায়ের ফলে হাইকোর্ট আগাম জামিনের আবেদন শুনছেন না। আপিল বিভাগ যখন কোনো নির্দেশনা দেবেন, তখন যেন হাইকোর্টের এখতিয়ার খর্ব না হয়, তা লক্ষ রাখা উচিত। উচ্চ আদালতে আগাম জামিন চেয়ে না পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়রানি করে। রিমান্ডে নিয়ে নির্যাতন করে।
আদালত বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আসামিদের রিমান্ডে না নেওয়া হলে প্রকৃত ঘটনা উন্মোচিত হতো না। প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে রিমান্ডের প্রয়োজন রয়েছে। সহিংসতার ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কথাও বিবেচনায় রাখতে হবে।
মওদুদ আহমদ বলেন, একটি মামলা দেওয়া হলে তার এজাহারে ২০-২৫ জন আসামি থাকে। আর অজ্ঞাতনামা আসামি থাকে শত শত। এতে পুলিশের বাণিজ্য বেড়ে যায়। তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার হয়রানি থেকে রক্ষার জন্য আগাম জামিন প্রয়োজন। প্রকৃত অপরাধীদের রিমান্ডে নেওয়া হলে আপত্তি নেই। কিন্তু মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আগাম জামিনের বিষয়ে নির্দেশনা পুনর্বিবেচনা করা হলে সাধারণ মানুষ পুলিশি হয়রানি থেকে রক্ষা পাবে।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ রায়ে এমন কথা বলেননি যে আগাম জামিন দেওয়া যাবে না। তবে জামিন দেওয়ার আগে মামলার এজাহার পর্যালোচনা করে অপরাধের গুরুত্ব বিবেচনায় নিতে হবে।
বিএনপির চার নেতার ৫৬ মামলায় জামিন: বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বিএনপির চার নেতাকে ৫৬ মামলায় আগাম জামিন মঞ্জুর করেছেন। এর মধ্যে পল্টন, শাহবাগ, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। রাজধানীর পল্টন থানায় পাঁচটি, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় একটি করে এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। যশোর সদর থানার চার মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম। আর পল্টন থানার এক মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পেয়েছেন।
বিএনপির এই চার নেতার পক্ষে আদালতে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন। তাঁদের সঙ্গে ছিলেন সগীর হোসেন, এ কে এম এহসানুর রহমান ও সাজ্জাদ হায়দার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।