আগাম নির্বাচনের প্রস্তুতি আছে ইভিএম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রোডম্যাপ (কর্মপরিকল্পনা) ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের  প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি। এতে ভোট গ্রহণের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা নেই।

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা করলেও আগাম নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে তাদের। ইসির একটি সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত সময় থাকলেও ইসি ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন করতে চায়। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা খসড়া রোডম্যাপ ঘোষণা করেন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মধ্যেই এই রোডম্যাপ ঘোষণা করল ইসি। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে দুই ধরনের মত আছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘আমরা চাই, সময়মতো নির্বাচন হোক। এ জন্য ইসিকে সব ধরনের সহায়তা করব।’ ইভিএম নিয়ে তিনি বলেন, ‘দ্রুত ভোট দেওয়া ও গণনা সহজ হওয়ায় আমরা এটা চেয়েছি। ইসি যদি না করে, তবে সেটা তাদের বিষয়।’ তিনি বলেন, নির্বাচন কমিশন যেকোনো সময় নির্বাচনের প্রস্তুতি রাখবে, সেটাই স্বাভাবিক। তবে তিনি মনে করেন, আগাম নির্বাচনের পরিস্থিতি নেই।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আগাম নির্বাচন  বা নির্বাচনের উপযুক্ত সময় কখন, এ মুহূর্তে এটা বড় বিষয় নয়। মূল কথা হচ্ছে, দেশের নির্বাচনব্যবস্থা যে ভেঙে পড়েছে, মানুষের মধ্যে যে আস্থাহীনতা, সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন কি না। এটা না করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে কোনো লাভ হবে না। সংলাপের ব্যাপারে বিএনপির এই নেতা বলেন, ‘সংলাপ তো সংলাপই। সংলাপের ভিত্তি কী, কী নিয়ে সংলাপ হবে; তা আমরা জানি না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যে প্রশ্নগুলো আছে, এ সংলাপ যদি তার সমাধানের লক্ষ্যে হয়, তা হলে তো ভালো।’

ইসির রোডম্যাপে সাতটি বিষয় রাখা হয়েছে। অর্থ ও পেশিশক্তির অবৈধ ব্যবহারমুক্ত এবং সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে আইনি কাঠামোগুলো সংস্কার করা হবে। ইসির প্রস্তাবিত আইনের সংশোধন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুশীল সমাজের মতামত নেওয়া হবে। আইনি সংস্কারের এই কাজগুলো জুলাই থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে।

ভোটাররা যেন নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সে জন্য নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ ও যুগোপযোগী করা হবে। বিভিন্ন ভাগে ভাগ করে এই কাজগুলো এ বছরের জুলাই থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে। রোডম্যাপের বিভিন্ন বিষয় নিয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে একবারই সংলাপ করা হবে।

ইভিএম ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, ‘চেষ্টা করা হবে এটা চালু করা যায় কি না। তবে শর্ত হলো রাজনৈতিক দল যদি এটাকে গ্রহণ না করে, আস্থায় না আনে, আমরা যাবই না। পরিষ্কার কথা হলো, রাজনৈতিক দল যদি বলে, ইভিএমে যাব না, তাহলে আমরাও চাপিয়ে দেব না। তবে আমরা এই প্রক্রিয়াকে আলোচনার সময় সামনে আনব। তখন রাজনৈতিক দল যদি মনে করে ঠিক আছে, তাহলে যাব, না হয় আমরা এই ঝুঁকি নেব না। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ও বিতর্ক নেই। এটি (ইভিএম) রোডম্যাপেও নেই। যদি তারা বলে, তাহলে কাজ শুরু করব।’

রোডম্যাপ অনুযায়ী প্রশাসনিক অখণ্ডতা ও প্রতিটি সংসদীয় এলাকার জন্য ভোটার সংখ্যায় যথাসম্ভব সমতা আনতে ৩০০ সংসদীয় আসনের সীমা পুনর্নির্ধারণ করা হবে। এ জন্য একটি নতুন নীতিমালা করা হবে। এ বছরের আগস্টে শুরু হয়ে এই কাজ শেষ হবে আগামী বছরের এপ্রিলে।

ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে এ বছরের সেপ্টেম্বরে। এই প্রক্রিয়া শেষ করে আগামী বছরের জুনে মুদ্রণকাজ শেষ করা হবে। এরপর যাতায়াত সুবিধা ও ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত সুবিধাসহ আইনানুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে আগামী বছরের জুনে এবং তফসিল ঘোষণা পর্যন্ত চলবে।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ নিবন্ধিত দল চূড়ান্ত করে তালিকা শেষ করা হবে ২০১৮ সালের মার্চের মধ্যে। রোডম্যাপের সবশেষে রয়েছে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনসংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি। এ কাজ ২০১৮ সালের জুলাই থেকে শুরু হয়ে চলবে ভোট গ্রহণের আগ পর্যন্ত।

আগাম নির্বাচনের প্রস্তুতি আছে

সাংবাদিকেরা জানতে চান নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—জবাবে সিইসি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিন আগে সংসদ ভেঙে দেওয়া হয়। এটা নির্ভর করে প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতিকে পরামর্শ দেন, তখন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৯০ দিনের আগেও যদি করেন, তবে ৯০ দিন সামনে রেখে নির্বাচন করা হবে। এ জন্য দিনক্ষণ ঠিক করা হয়নি। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ আছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগাম নির্বাচনেরও প্রস্তুতি তাঁদের আছে। কারণ, ৯০ দিন তো সময় দেওয়া হবে।

জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, তিনি এখনো খসড়া রোডম্যাপ দেখেননি। তবে যতটুকু জেনেছেন, তাতে তাঁর বক্তব্য হলো, নতুন নির্বাচন কমিশনের জন্য একটি কর্মপদ্ধতি থাকা ভালো। সেখানে শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচনগুলো কবে হবে, তা-ও উল্লেখ থাকা উচিত।

চারটি কমিটি গঠন

চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসিতে চারটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলোর মধ্যে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান মাহবুব তালুকদার; আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রধান কবিতা খানম; জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির প্রধান শাহাদাত হোসেন চৌধুরী এবং সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন প্রস্তুতি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির প্রধান করা হয়েছে রফিকুল ইসলামকে।