আগামী অধিবেশনেই সংসদ পাবে অভিশংসন ক্ষমতা: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত। ফাইল ছবি
সুরঞ্জিত সেনগুপ্ত। ফাইল ছবি

আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। 

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সামরিক ফরমানের মাধ্যমে ৭২-এর সংবিধানে থাকা অভিশংসনের যে বিষয়টি বাতিল করা হয়েছিল, তা আগামী সংসদ অধিবেশনে ষোড়শ সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে আনা হবে।’

আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের হলরুমে এক স্মরণসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আইভী রহমানের স্মরণে এ সভার আয়োজন করে।

সংগঠনের উপদেষ্টা হাজি মো. সেলিমের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি। 

সাবেক এই সাংসদ বলেন, ১৯৭২ সালের সংবিধানে সংসদ কর্তৃক বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ছিল। পরে সেনা-সমর্থিত সরকার তা বাতিল করে। পঞ্চদশ সংশোধনীতে এ ক্ষমতা ফিরিয়ে আনা উচিত ছিল। কিন্তু, কিছু স্বার্থান্বেষী মহলের কারণে তা সম্ভব হয়নি। আগামী সংসদ অধিবেশনে ষোড়শ সংশোধনীর মাধ্যমে অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হবে।

বিএনপি নেতাদের উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘আপনাদের এতে হইচই করার কিছু নেই। কিন্তু যেকোনো বিষয়ে হইচই করাই হচ্ছে আপনাদের রাজনৈতিক “শিষ্টাচার”।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ‘তিনি হঠাত্ কেন গরম হলেন, তার কোথায় আঘাত লেগেছে, আমরা তা জানি। নিজেদের ভুল আর বিভ্রান্ত রাজনীতির কারণে দলীয় কর্মীদের ধরে না রাখতে পেরে তিনি গরম হয়ে গেছেন।’

মির্জা ফখরুল গতকাল এক অনুষ্ঠানে বলেন, ‘গ্রেনেড হামলা মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচারপ্রক্রিয়াকে শুধু প্রভাবিতই করছে না, বিভ্রান্তও করছে। নিঃসন্দেহে তাঁর বক্তব্য আদালত অবমাননার শামিল।’

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল—এই অভিযোগ করে সুরঞ্জিত বলেন, কোথা থেকে গ্রেনেড এসেছে, কীভাবে এসেছে, তা হাওয়া ভবন জানত। ২১ আগস্ট রক্তপাতের জন্য খালেদা ও তারেক জিয়া দায়ী। এ অভিযোগ থেকে তাঁদের বাঁচার উপায় নেই।