আগামী নির্বাচন আরেক প্রহসনের খেলা হতে যাচ্ছে: জাফরুল্লাহ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় বক্তব্য দেন জাফরুল্লাহ চৌধুরী
ছবি: প্রথম আলো

আগামী নির্বাচন আরেকটি প্রহসনের খেলা হতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন কমিশন আইন নিয়ে আইনমন্ত্রী বলেছিলেন, এটা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু এ আইন নিয়ে তারা (সরকার) খেলা দেখিয়ে দিল। খেলাটি বাঁদরনাচের খেলা। কিছুদিন আগেও বলা হয়েছিল আইন করা যাবে না। এখন সেই আইনের খসড়াই অনুমোদন করানো হলো। এখন প্রশ্ন হচ্ছে, আইনের খসড়া কারা অনুমোদন করাল, ভোট ডাকাতেরা?

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে অ্যান্টিড্রাগ সোসাইটি আয়োজিত ‘মাদকের ভয়াবহতা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, সরকার ডোপ টেস্টের ঘোষণা দিয়েছিল। কিন্তু তারা সেটা করছে না। কারণ, এ সরকার তো জনগণের প্রতিনিধি নয়। এ সরকার তো নির্বাচিত নয়। তারা তো ডাকাতির সরকার। তাই মাদক নিয়ন্ত্রণের এসব জায়গায় তাদের কোনোরকম উৎসাহ নেই। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিও শুধু প্রচারের বিষয় বলে তিনি মন্তব্য করেন।

এ দেশে মাদক বিস্তারের দুটো কারণ আছে জানিয়ে তিনি বলেন, প্রথমত জনগণের সচেতনতার অভাবে মাদকের বিস্তার হচ্ছে। দ্বিতীয়ত, মাদক নিয়ন্ত্রণে সরকারের ভুল নীতিমালা ও সিদ্ধান্ত। কারণ, সবচেয়ে বড় মাদক হলো সিগারেট। কিন্তু সিগারেট থেকে সরকার উচ্চ হারে মূল্য সংযোজন কর আদায় করছে। অর্থাৎ সরকারই জনগণকে সিগারেটের দিকে ঠেলে দিচ্ছে।

মাদক নির্মূল করতে চাইলে প্রথমেই পথেঘাটে ধূমপান বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, সিগারেট দিয়েই মাদক সেবন শুরু হয়। এর পরে অন্যান্য মাদক সেবনও শুরু হয়। সরকার সিগারেট বন্ধের সিদ্ধান্ত নিলে দেশে মাদক পরিস্থিতির অনেক পরিবর্তন আসত। ধূমপান করলে কেউ পুলিশ ও সরকারি চাকরি পাবে না, এমন নিয়মও করার দাবি জানান তিনি।

শিক্ষকেরাও এখন দলবাজি করছেন জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষকেরাও অনৈতিকভাবে দলবাজি করছেন। যে কারণে একজন শিক্ষক অন্য শিক্ষকের পাশে দাঁড়াচ্ছেন না। এখন শুধু এক ব্যক্তির বন্দনা ছাড়া কিছুই হচ্ছে না। এমন বন্দনায় দেশকে এগিয়ে নেওয়া যাবে না। অযথা প্রশংসা করলে দেশেরই ক্ষতি হবে।

অ্যান্টি–ড্রাগ সোসাইটির সভাপতি আশ্রাফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিইউজের সহসভাপতি বাছির জামাল। সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের মহাসচিব ফরিদ উদ্দিন, তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।