আগামী নির্বাচন ক্ষমতায় যাওয়ার: এরশাদ
আগামী জাতীয় নির্বাচন জাতীয় পার্টির (জাপা) ক্ষমতায় যাওয়ার নির্বাচন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। জাপার ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজ সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে।
এরশাদ বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য বিরাট পরীক্ষা। এই নির্বাচন ক্ষমতায় যাওয়ার নির্বাচন।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, এখন রাস্তায় চলাচলের মতো পরিবেশ নেই। কথা বলার স্বাধীনতা নেই। বাঁচার অধিকার নেই। তিনি বলেন, দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। পরস্পরের মধ্যে সহনশীলতা, শ্রদ্ধাবোধ তৈরি হয়নি।
জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে জঙ্গি-সন্ত্রাসবাদের উত্থান হবে না।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ মো. ইফতেকার আহসান হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ।