আগামী নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার: জাফরুল্লাহ
আগামী নির্বাচন নিয়ে সরকার নতুন পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেনারেল ওসমানী জাতীয় পরিষদ এবং জাতীয় স্মরণ মঞ্চ যৌথভাবে জেনারেল ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ও তার প্রভাব’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্রহীনতা সবচেয়ে বড় সমস্যা। এ থেকে উত্তরণ ঘটাতেই হবে। এর জন্য সত্যিকারের নির্বাচন কমিশন গঠন করতে হবে।
অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধে যাঁর যেটুকু অবদানের স্বীকৃতি দিতে হবে। মুক্তিযুদ্ধে আমাদের নেতা শেখ মুজিব, আমরা তাঁর নেতৃত্বে লড়াই করেছি, স্লোগান দিয়েছি। কিন্তু বঙ্গবন্ধুর পাশাপাশি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমদ, জিয়াউর রহমানসহ সকলের অবদান স্বীকার করতে হবে।’
জাফরুল্লাহ চৌধুরী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু ৮০ পয়সার প্যারাসিটামল পাওয়া যায় না। এটাই হচ্ছে উন্নয়ন। এখন ডেঙ্গু, করোনাসহ নানা সমস্যায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ এগুলোর সহজ সমাধান সম্ভব। মশারিতে শোয়ার অভ্যাস থাকলে ডেঙ্গু রোধ করা যায়। টিকা দিয়ে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়া সম্ভব। অল্প টাকায় টিকা পাওয়া সম্ভব। কিন্তু সরকার সে পথে যাবে না।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলনের ভয়ে সরকার বিশ্ববিদ্যালয় খুলছে না। বলা হচ্ছে, বিভিন্ন শ্রেণির মাত্র একদিন পর্যন্ত ক্লাস হবে। ওই একদিন ভাইরাস কাউকে আক্রমণ করবে না, এমন কোনো নিশ্চয়তা আছে?
অনুষ্ঠানে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী যখন জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করেন, তখন ৩২টি চ্যানেলে তা প্রচার করা হয়। আর বিএনপির নেতারা যখন এর প্রতিবাদ করেন, তখন তা করা হয় জুম মিটিংয়ে। এভাবে চলতে পারে না।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে নিতেই জিয়ার কবর থেকে শুরু করে তাঁর মুক্তিযুদ্ধে অবদান নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। পেছনে দুরভিসন্ধি আছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সড়ক মঞ্চের সভাপতি আ হ ম মনিরুজ্জামান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন।