
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে বিএনপি কী ভাবছে, তা জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন।
গতকাল সোমবার বেলা পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সাক্ষাৎ করেন শ্যানন। সেখানে তাঁরা রোহিঙ্গা সংকট, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন।
সন্ধ্যায় কানাডার পার্লামেন্টের চারজন সাংসদও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির একটি সূত্র জানায়, শ্যাননের প্রশ্নের জবাবে বিএনপির প্রতিনিধিদল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সরকারের সময় সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাস, কেন্দ্র দখল ও ভোট কারচুপির ঘটনা তুলে ধরে বলা হয়, ক্ষমতাসীনদের অধীনে কোনোভাবেই সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
ওই সূত্র জানিয়েছে, এ পর্যায়ে শ্যানন জানতে চান, বিএনপি কোন ধরনের পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিতে চায়। এ সময় বিএনপির নেতারা বিদ্যমান সংসদ ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীন সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা তুলে ধরেন। তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা কথা বলেন।
সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, মূলত তাঁর আলোচনার মধ্যে ছিল রোহিঙ্গা সংকট এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি। এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। শ্যাননের সঙ্গে খালেদা জিয়ার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। তবে বলা যাবে না। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, আমি যা বলার বলে দিয়েছি।’
তবে সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
সাক্ষাৎ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের দুই সদস্য রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
কানাডীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
এদিকে কানাডীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন দেশটির চার সাংসদ ইয়াসমীন রতনস্কি, সালমা আতাউল্লাহজান, ম্যাট জেনেরাক্স ও টমাস মালকেয়ার এবং ঢাকায় কানাডীয় হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইন, হাইকমিশনের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা সৈয়দ শাহনেওয়াজ মহসীন।
বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।