আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে: আমীর খসরু
দেশ যেদিকে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।
অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘দেশের প্রতিটি জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি বানাতে পারবে কি না। জীবনের নিরাপত্তা, সুষ্ঠু বিচারব্যবস্থা সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। এর বাইরে দেশ যেদিকে যাচ্ছে, এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে দেশে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজ কষ্ট হয়, জনগণ জানতে চায়, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না। এই মুহূর্তে যারা জানতে চায়, বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না, তারা কি চোখে দেখে না? তাদের কী বোধ শক্তি নেই?’
আমীর খসরু বলেন, আগামী নির্বাচন যদি হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এ ছাড়া নির্বাচন হবে না।
বিএনপি সঠিক পথে আছে বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। সাংবিধানিক অধিকারের পক্ষে যারা আছে, আমরা আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকব।’
আগামী দিনে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যাঁরা থাকবেন, তাঁদের সঙ্গে বিএনপি থাকবে বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।