ধূম্রজাল সৃষ্টি করে বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, বিএনপি-জামায়াত ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কিংবা এই নির্বাচন আবার বিতর্কিত করার চেষ্টা করছে। তারা যদি নির্বাচন না-ও করে তারপরও নির্বাচন থেমে থাকবে না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আখতার হোসেন প্রমুখ।