আগামী নির্বাচনে জাপা এককভাবে নির্বাচন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে। আগামী পয়লা জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী কাজে নেমে পড়বে জাতীয় পার্টি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে জাতীয় যুব সংহতি গাজীপুর মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করছি। তাদের ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের প্রতিবাদ করছি। অতীতে হুসেইন মুহম্মদ এরশাদ বহুবার কারাবরণ করেছেন। এখনো তাঁর মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না।’ তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছর শাসনামলে দেশে গণতন্ত্র ছিল, মানুষের নিরাপত্তা ছিল, অধিকার ছিল, শান্তি ছিল। তখন দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানি ছিল না। আর এখন জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।

সম্মেলন উদ্বোধন করেন জাপার ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ফকরুল আহ্সান শাহ্জাদা।

জাতীয় যুব সংহতি গাজীপুর মহানগর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে জাপার ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার আবদুস সালাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।