হরতাল, অবরোধ প্রত্যাহার করে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করুন। গায়ের জোরে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনার ওপর চাপিয়ে দেবেন, সেটা হবে না। আপনি যতই হরতাল আর অবরোধ দেবেন, ততই জনগণের ভোগান্তি হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বুধবার দুপুরে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে এসব কথা বলেছেন। সৈয়দ আশরাফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য আপনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি, বরং আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আপনি নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, ‘আশা করছি আপনার বোধোদয় হবে’।
পরে বিকেল সাড়ে পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কোনো ভোট ছাড়াই জনসমর্থনের ভিত্তিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামকে সভাপতি ও আবদুল মতিন ভূঞাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সৈয়দ আশরাফুল ইসলাম। আবদুল মতিন ভূঞা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। মন্ত্রী বলেন, আইয়ুব খান, জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় এসেছেন। আওয়ামী লীগ কখনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেনি।