আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করলেন খালেদা জিয়া
আগামী বছরের মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি

লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ ছাড়া কেউ নিরাপদ নয়। এ অবস্থা আগে কখনো ছিল না। জনগণ এই সরকার থেকে মুক্তি চায়। ২০১৬ সালের মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের বার্কিংসাইড এলাকার ‘দ্য লেকভিউ’ মিলনায়তনে যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। ওই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানই ছিল লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসনের গতকাল রোববার পর্যন্ত একমাত্র প্রকাশ্য সভা।
শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, দেশে এখন মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র নেই। আদালতগুলোতে আওয়ামী লীগের লোক বসিয়ে দেওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণ যা-ই থাকুক, আওয়ামী লীগ যা বলছে, সেটাই বাস্তবায়িত হচ্ছে। বিরোধী দলগুলোকে এখন হলের ভেতরেও কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয় না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, পুলিশ নিজেরাই বলে যে তারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। কাজেই এটা পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। পুলিশরা এখন যা ইচ্ছা তা-ই করছে। আওয়ামী লীগের পুরোনো জ্যেষ্ঠ নেতা-কর্মীরাও পাত্তা পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।
এবারই দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া। বাংলাদেশের এক দিন আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যে ঈদুল আজহা উদ্যাপিত হয়। সন্ধ্যায় খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি যুক্তরাজ্যপ্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে একটি অনুষ্ঠানে হাজির হন। কিন্তু নেতা-কর্মীদের হুড়োহুড়ি ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় শুভেচ্ছা বিনিময় শেষ না করেই খালেদা জিয়া বক্তব্য শুরু করেন।
ক্ষমতায় গেলে দেশে যুক্তরাজ্যের মতো গণতন্ত্র প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানান খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের সঙ্গেও ঐক্যের রাজনীতি করতে চায়। কেননা বিএনপি জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারের বেআইনি কাজের সমালোচকদের এখন আর টক শোগুলোতে যেতে দেওয়া হয় না। সামাজিক কিংবা মানবাধিকার সংগঠনগুলো দেশের অবস্থা নিয়ে কথা বললে তাদের ওপরও সরকার চড়াও হচ্ছে।
কারও নাম উল্লেখ না করেই খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের ওপর ভর করে কিছু পরগাছাও বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছে। এরা নির্বাচনে জামানতও রক্ষা করতে পারেনি। তিনি বলেন, বর্তমানে একদলীয় পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়াউর রহমানকে গালাগাল করা এবং মিথ্যা কথা বলা ছাড়া আর কিছু করার নেই। সরকার উন্নয়নের কথা বললেও উন্নয়ন কোথাও নেই। ঢাকার রাস্তা দিয়ে চলা যায় না। মহাসড়কগুলোর অবস্থা একই। বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে কেবল অর্থ আত্মসাৎ হচ্ছে।
অনুষ্ঠানে তারেক রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু।
ব্যক্তিগত সফরে খালেদা জিয়া ১৬ সেপ্টেম্বর সকালে লন্ডনে যান। তিনি সেখানে পা ও চোখের চিকিৎসা করাচ্ছেন। ৩০ সেপ্টেম্বর তাঁর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও চিকিৎসার কারণে তা কিছুটা পেছাতে পারে।