আগামী সোমবার নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা ওলিয়ার রহমানের হত্যাকারী ও হত্যা পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার অভয়নগর উপজেলা সদর নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া নূরবাগে এক সমাবেশ থেকে এ হরতালের ডাক দেওয়া হয়। ‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবিতে সংগ্রাম কমিটি’ এ সমাবেশের আয়োজন করে।
বিকেলে নূরবাগে যশোর-খুলনা মহাসড়কের ওপর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রাম কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক এতে সভাপতিত্ব করেন। আবদুল মালেক বলেন, আন্দোলনের মাধ্যমেই ওলিয়ার রহমানের হত্যার বিচারের দাবি আদায় করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামূল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সানা আবদুল মান্নান, আওয়ামী লীগ নেতা সরদার অলিয়ার রহমান, ওলিয়ার রহমানের ছেলে বাদল মোল্যা প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর প্রতিনিধি, ১২টি শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদ, নওয়াপাড়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানকে (৬২) গত ২৩ নভেম্বর উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।