আগামীকাল লালমনিরহাট জেলা বিএনপির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা, দুটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের মধ্যে একটি উপজেলা (আদিতমারী) ও সব ইউনিয়নে বিএনপি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে। এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সম্মেলন উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জেলার প্রায় সব জায়গায় এখন শোভা পাচ্ছে এ সম্মেলনের ব্যানার, পোস্টার, ফেস্টুন। তবে লালমনিরহাটের পাঁচটি উপজেলার মধ্যে শুধু আদিতমারীতে আংশিক কমিটির নাম ঘোষণা ছাড়া বাকি চার উপজেলা ও দুটি পৌরসভায় বিএনপির নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা না হওয়ায় সবাই জেলা বিএনপির সম্মেলনের অপেক্ষায় আছেন।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, অনেক প্রতিকূলতার মাঝেও ইতিমধ্যে লালমনিরহাটের ৪৫টি ইউনিয়ন ও আদিতমারী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে অবশিষ্ট নতুন কমিটিগুলোর সদস্যদের নাম ঘোষণা করা হবে।