আগারগাঁওয়ে ফুটপাত দখল করে দলীয় কার্যালয়

রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ করা হয়েছে ক্ষমতাসীন দল ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়। অধিকাংশ কার্যালয় দিনের বেলা থাকে তালাবদ্ধ।
সরেজমিনে গতকাল সোমবার আগারগাঁও এলাকা ঘুরে দেখা যায়, সার্ক আবহাওয়া গবেষণা কাউন্সিলের বিপরীতে সডকের ওপর নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড ও আওয়ামী মহিলা লীগের ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ৮ নম্বর শাখা কার্যালয়। ইসলামিক ফাউন্ডেশনের বিপরীতে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগের আরও একটি শাখা কার্যালয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সামনে শহীদ সাহাবুদ্দীন সডকের ওপর করা হয়েছে যুবলীগের ২৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর শাখা কার্যালয়। বিজ্ঞান জাদুঘরের বিপরীতে সাহাবুদ্দীন সডকের ওপর করা হয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুটি কার্যালয়। আগারগাঁও নতুন ডি টাইপ কোয়ার্টার রোডের ফুটপাতের ওপর করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগ এই তিনটি সংগঠনের দুটি শাখা কার্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভবনের জন্য বরাদ্দকৃত জায়গার এক পাশে মাটি ফেলে নির্মাণ করা হয়েছে মহানগর যুবলীগের পানির ট্যাংক শাখা কার্যালয়।
এসব দখল নিয়ে চলতি বছর জানুয়ারি মাসে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তখন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন বলেছিলেন ‘আমার ওয়ার্ডে আওয়ামী লীগের ১০টি শাখা কমিটি রয়েছে। শিগগিরই এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হবে। সরকারি জায়গায় যদি কোনো রাজনৈতিক দলের শাখা কমিটির কার্যালয় থাকে, সেটিও উচ্ছেদ করা হবে।’ এ ব্যপারে গতকাল কাউন্সিলর ফোরকান হোসেনের সঙ্গে দুবার যোগাযোগ করা হলে তিনি ১৫ আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন বলে জানান।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, একটি কার্যালয়ও উচ্ছেদ করা হয়নি। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এলাকায় ঘুরে দু-একটি ছাড়া সব কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। মহিলা আওয়ামী লীগের কার্যালয়টি পুরোটাই টিনশেডের এবং আওয়ামী লীগের কার্যালয়টি পাকা মেঝে ও টিনশেডের তৈরি। আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অংশে তৈরি করা হয়েছে ফুলের বাগান। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যালয় দুটি দিনের বেলায় বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। সন্ধ্যার পর এখানে লোকজন আসতে শুরু করে। শাখা কার্যালয়গুলো স্থানীয়ভাবে ‘ক্লাবঘর’ নামে পরিচিত। বিভিন্ন সংগঠনের প্রতিটি শাখার আলাদা কমিটি রয়েছে। স্থানীয় লোকজন ও শাখা-প্রধানদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ কার্যালয় প্রায় সময় দিনের বেলা তালাবদ্ধ থাকে। সন্ধ্যার পর স্থানীয় ব্যক্তিরা এখানে এসে আড্ডা জমান।
স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কার্যালয়ের ২ নম্বর ইউনিটের সভাপতি হজরত আলী। তাঁর কার্যালয়ে গিয়ে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এই ওয়ার্ডের ভোটকেন্দ্র অনুসারে ইউনিটগুলো তৈরি করা হয়েছে। ইউনিটে আলাদা সভাপতি থাকলেও সিনিয়র নেতারাই এগুলোর দেখভাল করে থাকেন। শাখা কমিটিগুলো আলাদা করে খুব কম রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে। কেন্দ্রীয় কর্মসূচি থাকলে তখন শাখা কমিটিগুলো অংশ নেয়।’