আগুন-সন্ত্রাসীদের হাতের পুতুল খালেদা: ইনু
পাকিস্তান-আফগানিস্তানের তালেবান, মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গি এবং ‘আগুন-সন্ত্রাসী’দের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, খালেদা জিয়া তাদের হাতের পুতুল।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন সম্মেলন কেন্দ্রে মরমি গানের মাধ্যমে লিঙ্গবৈষম্য দূরীকরণ প্রকল্পের উদ্বোধনের সময় ইনু এ মন্তব্য করেন। তিনি জঙ্গিবাদী অপশক্তিকে নারী-পুরুষ সমতায়নের মহাশত্রু উল্লেখ করে বলেন, নারী উন্নয়নের জন্য সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের বর্জনের কোনো বিকল্প নেই।
তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তানের তালেবান, মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গি এবং বাংলাদেশে আগুন-সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, খালেদা জিয়া তাদের হাতের পুতুল।
মরমি গানের মাধ্যমে কন্যাশিশুর পুষ্টি, শিক্ষা, নিরাপদ কর্মক্ষেত্র ও যৌতুকবিহীন বিয়ে নিশ্চিত করার পাশাপাশি জঙ্গিবাদী সন্ত্রাস ও এদের নেতাদের বিরুদ্ধেও জনগণকে সচেতন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কবি আসাদ চৌধুরী এবং পল্লি বাউল সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা আফরোজা হক বক্তব্য দেন।
এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সামিয়া রহমানের গণমাধ্যমের চাণক্য কৌশল ও স্বপ্ন-বাণিজ্যে লক্ষ্মীপুষ্প দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের কাজ বস্তুনিষ্ঠতা, ভারসাম্য রক্ষা নয়। আগুন-সন্ত্রাসীদের হাতের পুতুল খালেদা জিয়া এবং এদের দমনকারী শেখ হাসিনাকে এক পাল্লায় মাপা উচিত নয়। ’
দেশের কবি, লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের আগুন-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তালেবান, আইএস জঙ্গিদের মতোই আগুন-সন্ত্রাসীরাও গণমাধ্যম, কবি, লেখক ও শিল্পীদের শত্রু।
মন্ত্রী বলেন, নিরপেক্ষতার নামে তথাকথিত ভারসাম্য রক্ষা গণমাধ্যমের কাজ নয়।