সিলেট নগর বিএনপি ও ছাত্রদলের নগর-জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। আগে কমিটি পুনর্গঠন, পরে আন্দোলন—এ আহ্বান কেন্দ্রীয় প্রতিনিধিদলকে জানিয়েছেন সিলেটের নেতারা। গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল মতবিনিময় করলে স্থানীয় নেতারা এ মতামত দেন।
কোন্দল ভুলে দলীয় নেতা-কর্মীদের সরকারবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে স্থানীয় নেতারা নগর কমিটি পুনর্গঠন ও ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি দ্রুত গঠনের পক্ষে মত দেন। সালাউদ্দিন আহমদ এ ব্যাপারে কেন্দ্রকে জানানোর আশ্বাস দিয়ে বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি ও দলীয় কোন্দল-ত্রুটির বিষয়ে কেন্দ্র যথাযথ সময়ে পদক্ষেপ নিলে হয়তো এ রকম পরিস্থিতি হতো না।
দল থেকে জানা যায়, দেশব্যাপী কেন্দ্রীয় প্রতিনিধিদলের সফর উপলক্ষে সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির ওই দলটি গত শুক্রবার সিলেট পৌঁছে। প্রতিনিধিদলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সদস্য হিসেবে ছিলেন।
প্রথম দফায় বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত নগর কমিটির সঙ্গে মতবিনিময় হয়। নগর কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন সবাই। দ্বিতীয় দফায় জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা রাত নয়টা পর্যন্ত চলে। জেলার নেতৃত্ব পুনর্গঠনে দ্রুত জেলা সম্মেলন করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ছাত্রদলের কমিটি পুনর্গঠন করার কথাও বলা হয়। এ ছাড়া আন্দোলনে নামা যাবে না বলে স্থানীয় নেতাদের অনেকেই একমত হন।
জবাবে কেন্দ্রীয় প্রতিনিধিদলের প্রধান সালাউদ্দিন আহমদ বলেন, বড় দল হিসেবে বিভেদ থাকবেই। অতীতের সব বিভেদ ও ভ্রান্তি ভুলে গিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ছাড়া বিকল্প নেই। আন্দোলনের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন বলে তিনি কেন্দ্রকে এ বিষয়ে যথাযথভাবে জানানোর আশ্বাস দেন।