আগে বিএনপি পরে আ.লীগের সঙ্গে সংলাপ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর বিএনপি এবং ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে ৯ অক্টোবর। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে ইসি আনুষ্ঠানিকভাবে এখনো সময়সূচি ঘোষণা করেনি।
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে ইসির সংলাপ শুরু হয়। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল কমিশন।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয় গত ২৪ আগস্ট। গত সোমবার পর্যন্ত ১৪টি দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। আগামীকাল বুধবার সকালে গণফ্রন্ট ও বিকেলে গণফোরামের সঙ্গে সংলাপ হবে। এ ছাড়া বৃহস্পতিবার জমিয়তে ওলামায়ে ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ২ অক্টোবর মুসলিম লীগ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ৫ অক্টোবর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জাকের পার্টি এবং ৮ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপ করবে ইসি।
ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরে নির্বাচন পর্যবেক্ষক, নারীনেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।