আগৈলঝাড়ায় ইউএনওর কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাতের কথামতো আসামি ছেড়ে না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা চালানো হয়েছে। গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালান। এ সময় ইউএনওর কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করা হয়। 
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আগৈলঝাড়া থানার পুলিশ গত শনিবার রাতে উপজেলার বরিয়ালী গ্রামের নজরুল সেরনিয়াবাতকে গাঁজাসহ আটক করে। গতকাল দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও দেবী চন্দের আদালতে হাজির করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
ইউএনও দেবী চন্দ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে থানার পুলিশ গাঁজাসহ নজরুলকে বিচারের জন্য তাঁর আদালতে নিয়ে আসে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাত তাঁর দপ্তরে ঢুকে নজরুলকে সাজা না দেওয়ার জন্য বলেন। এ নিয়ে আজাদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আজাদকে তাঁর দপ্তর থেকে বের করে দেওয়া হয়।
ইউএনওর কার্যালয়ের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে চারটায় দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে হামলা চালান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন। তখন ইউএনও কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আজাদ সেরনিয়াবাত বলেন, ‘পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে তাদের না পেয়ে আমার এলাকার একজন নিরীহ দিনমজুরকে ধরে নিয়ে আসে। তার জন্য সুপারিশ করতে গেলে ইউএনও আমাকে লাঞ্ছিত করেন।’
ইউএনওর কার্যালয়ে হামলার বিষয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ হোসেন মোল্লা বলেন, ‘ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে সামান্য কিছু ঘটনা ঘটেছে।’
আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ইউএনওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের কারণে আটক নজরুলকে গতকাল সাজা দেননি ভ্রাম্যমাণ আদালত। রাত আটটা পর্যন্ত ইউএনওর কার্যালয়ে রাখার পর তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে।