‘আঙ্গুল নাকি ক্ষয় হইয়া গেছে’
প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়েছেন। অনেক কসরতের পর কারও কারও আঙুলের ছাপ মিললেও কেউ আবার ভোট দিতেই পারেননি। আজ রোববার নবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের নারী কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট পড়ার হারও কম।
কেন্দ্রে আসা মো. নওশাদ নামের এক ভোটার প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টায় তিনি ভোট দিতে এসেছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুপুর সোয়া ১২টায় ভোটকক্ষে ঢুকতে পারলেও তিনি ভোট দিতে পারেননি। নওশাদ বলেন, ‘আঙ্গুল নাকি ক্ষয় হইয়া গেছে। আঙ্গুলের ছাপ দিলে নাম আসে না।’
আবার ৯৩ বছরের বৃদ্ধা দিলজান ভোট দিতে পেরেছেন। তিনি বলেন, ‘অফিসার দেখাইয়া দিসে। আমি ভোট দিসি।’ প্রমাণ হিসেবে তিনি তাঁর আঙুলে থাকা অমোচনীয় কালি দেখান।
ইভিএম পদ্ধতিতে আঙুলের ছাপ মেলাতে সমস্যা হচ্ছে বলে কেন্দ্রটির ভোটাররা অভিযোগ করেছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাঁরা বিরক্ত। প্রথম চার ঘণ্টায় নবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের নারী কেন্দ্রে ২৫ শতাংশ ভোট পড়েছে। একই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে ভোট পড়েছে ২৮ শতাংশ।
ভোট দিতে প্রিসাইডিং কর্মকর্তাকেও ভোটারের সঙ্গে বুথের গোপন কক্ষে ঢুকতে দেখা যায় নবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে। দুপুর পৌনে ১২টায় পুরুষ কেন্দ্রটির ২ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, কক্ষটির গোপন বুথে একই সঙ্গে দুজন ঢুকছেন। এই প্রতিবেদক পরিচয় দিয়ে কারণ জানতে চাইলে বুথে থাকা দুজন বের হয়ে আসেন। তাঁদের একজন নিজেকে কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, ‘মানুষ ভোট দিতে পারছে না। দেখিয়ে দিতে হচ্ছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে বিরক্ত।’ গোপন বুথে ঢোকা উচিত কি না, তা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বলেন, ‘মানুষরে সাহায্য করলেও দোষ নাকি?’
এই ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবুল কাউসার কেন্দ্র পরিদর্শনে এসে ইভিএমে ধীরগতির কারণে শেষ পর্যন্ত ভোটারদের ভোট না দিয়েই ফিরে যেতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সব কটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ভালো। কিন্তু সে অনুযায়ী ভোট কাস্ট হচ্ছে না। কারও আঙুলের ছাপ মেলে না, কেউ চোখে দেখে না, আবার অনেক বয়স্ক মানুষ পদ্ধতিটাই বুঝে উঠতে পারছে না। ভোট না দিয়ে ফিরে গেলে কিংবা চারটা পর্যন্ত সবার ভোট না নেওয়া গেলে সেটা মন্দ হবে।’
পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, যতক্ষণ ভোটার আছে, ততক্ষণ ভোট চলবে। নানান কারণেই কিছুটা ধীরগতিতে ভোট হচ্ছে। ভোটারদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সে কারণে হয়তো কখনো কখনো গোপন কক্ষেও যেতে হচ্ছে।
নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসিফ হাসান বলেন, দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে। ইভিএমে অভ্যস্ত না হওয়ায় কিছু সমস্যা হচ্ছে। শীতকাল হওয়ায় আঙুলের আর্দ্রতা কম। ইভিএমে ছাপ পড়ছে না। তা ছাড়া বয়স্করা নারীরা প্রক্রিয়াটা বুঝতে পারছেন না।