পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল বাতেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী আবদুল মান্নান। গতকাল বৃহস্পতিবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আবদুল মান্নান, যিনি বেড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী আবদুল বাতেন প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রতীক ব্যবহার করে পৌরসভার বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করেছেন।
মনোনয়নপত্র দাখিলের পর থেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের এবং বেড়া পৌরসভার কর্মচারীদের চাকরিহারা করার ভয় দেখিয়ে নিজের পক্ষে কাজ করতে বলছেন তিনি। এ ছাড়া তিনি পৌরসভার যানবাহন নির্বাচনী কাজে ব্যবহার করছেন; যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
আবদুল মান্নান বলেন, তিনি এসব অভিযোগ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে কয়েকবার তুলে ধরেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সম্পাদক মোসাব্বির হোসেন, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, বেড়া পৌর বিএনপির সহসভাপতি আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল বাতেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, বিএনপির প্রার্থী অহেতুক অভিযোগ তুলেছেন। তিনি বা তাঁর দলের লোকজন অভিযোগ নিয়ে আসেননি।