আচরণবিধি লঙ্ঘন করে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌরবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামানের পক্ষে পৌর এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে মাইকিং করা হয়। অপর দিকে সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সভাপতি ও জাসদের (ইনু) মেয়র প্রার্থী গোলাম মোস্তফার পক্ষে দুই দিন ধরে তাঁর ছবি ও মশাল প্রতীকসহ পোস্টার বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী রুকনুজ্জামান বলেন, ‘আমার কিছু সমর্থক নৌকা প্রতীকে মাইকে ভোট চাচ্ছেন।’ জাসদের প্রার্থী গোলাম মোস্তফা বলেন, ছেলেমেয়েরা ভোটারদের হাতে কিছু পোস্টার দিয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘১৪ ডিসেম্বর সকাল থেকে প্রচারণা চালানো যাবে। এর মধ্যে আচরণবিধি না মেনে প্রচারণা চালানোর অভিযোগ পেয়েছি। ওই দুই মেয়র প্রার্থীকে মুঠোফোনে না পাওয়ায় সতর্ক করা যাচ্ছে না।’