আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইছেন মাহবুবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে তাঁর পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার ধামরাই ও সাভারের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করছেন। মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, মাহবুবুর রহমান নির্বাচনী এলাকায় গিয়ে তাঁর পছন্দের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তবে তাঁর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এরপরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে ছয়জন, ৯ নম্বর ওয়ার্ড থেকে তিনজন, ৮ নম্বর ওয়ার্ড থেকে দুজন এবং ৭ নম্বর ওয়ার্ড থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গিয়ে তাঁর পছন্দের প্রার্থীদের কাছে ভোট চাইছেন। তাঁর প্রার্থীদের ভোট দেওয়ার জন্য নানাভাবে ভোটারদের বাধ্য করারও চেষ্টা করছেন তিনি।
১০ নম্বর ওয়ার্ডের (সাভার) সদস্য পদপ্রার্থী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, মাহবুবুর বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নে গিয়ে তাঁর পছন্দের প্রার্থী সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের পক্ষে ভোট চান। তিনি অভিযোগ করেন, তাঁর পছন্দের প্রার্থীরা পরাজিত হলে ওই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করবেন না বলেও ঘোষণা দেন মাহবুবুর রহমান।
বিরুলিয়া ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, সেলিম মণ্ডলকে ভোট না দিলে তাঁর এলাকায় জেলা পরিষদের কোনো বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়ে দেন মাহবুবুর রহমান। সেলিম মণ্ডল বলেন, মাহবুবুর রহমান তাঁর পক্ষে ভোট প্রার্থনা করছেন।
৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক তাসলিমা শেখ বলেন, মাহবুবুর রহমান গতকাল শুক্রবার তাঁর নির্বাচনী এলাকায় গিয়ে শিমুলিয়া ইউপির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁর পছন্দের প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সভাপতি ইমতিয়াজ উদ্দিনকে ভোট দেওয়ার জন্য ভোটারদের নানাভাবে বাধ্য করার চেষ্টা করেন।
৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী ধামরাই উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বলেন, মাহবুবুর রহমান গতকাল বিভিন্ন এলাকায় গিয়ে তাঁর পছন্দের প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অজিত চক্রবর্তীর পক্ষে ভোট চান।
ধামরাইয়ের সানরা ইউপির চেয়ারম্যান খালিদ মাসুদ খান বলেন, মাহবুবুর রহমান গতকাল তাঁর পরিষদে গিয়ে অজিত চক্রবর্তীর জন্য ভোট প্রার্থনা করেন।
৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মাহতাব আলম বলেন, ‘মাহবুবুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পক্ষে ভোট চেয়ে বলেছেন, মাহতাবকে ভোট দিলে এই এলাকায় কোনো বরাদ্দ দেওয়া হবে না।’
ধামরাইয়ের কুল্লা ইউপির চেয়ারম্যান কালীপদ সরকার বলেন, মাহবুবুর রহমান গতকাল তাঁর ইউনিয়নের আড়ালিয়া বাজারে গিয়ে তাঁর কাছে সাখাওয়াত হোসেনের জন্য ভোট চেয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল মাহবুবুর রহমানের মুঠোফোনে কল করলেও তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলেননি।