আচরণবিধি লঙ্ঘন, কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সৈয়দ আবদুর রউফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে তিন দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান নোটিশটি জারি করেন। তিনি বলেন, আওয়ামী লীগ-দলীয় প্রার্থী প্রতীক বরাদ্দ না পেয়েই নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি শহরের বিভিন্ন স্থানে প্রতীক-সংবলিত পোস্টার লাগিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আইন অনুযায়ী, ১৪ ডিসেম্বরের আগে প্রতীক লাগিয়ে প্রচার করার নিয়ম নেই। প্রতীক নিয়ে প্রচারণা ও পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।