
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। প্রচারাভিযান ও কার্যালয় স্থাপনের ক্ষেত্রে নিয়ম মানছেন না প্রার্থীরা। এসব ঘটনা সামলাতে পারছেন না ভ্রাম্যমাণ আদালতসহ নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীকে দুই দফায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনার রাশ টানতে এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে। জরুরি ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
নির্বাচনী দায়িত্বে নিযুক্ত জেলা প্রশাসনের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর শহরের পায়রা চত্বর এলাকায় জড়ো হন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদের সমর্থকেরা। তাঁরা মেয়র থাকাকালে সরফুদ্দীন আহমেদের বিভিন্ন উন্নয়নকাজের ভিডিওচিত্র দেখানো শুরু করেন। খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত একটি ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। তাঁরা সরফুদ্দীন আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করেন; জব্দ করা হয় সরঞ্জাম। একই সময়ে শহরের মাহীগঞ্জ এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেখানে একই প্রার্থীর সমর্থনে পথসভার সময় রাস্তা বন্ধ করে ফেলা হয়। পাশাপাশি পথসভায় লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ঘটনায় সরফুদ্দীন আহমেদকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী দায়িত্ব পালনে রংপুর নগরের ৩৩টি ওয়ার্ডের জন্য ৩৩টি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। সেগুলো তত্ত্বাবধানের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ প্রথম আলোকে বলেন, ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রচার, সড়কে যানজট বাধিয়ে প্রচারণা এবং ভোটারদের মধ্যে খাবার বিতরণ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ কারণে প্রার্থী সরফুদ্দীন আহমেদকে জরিমানা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিভিন্ন সময়ে বিএনপির মেয়র পদপ্রার্থী কাওসার জামান ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমানের সমর্থকদের গণসংযোগের সময় একাধিক জায়গায় রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয় বলে অভিযোগ ওঠে। এসব ঘটনায় দুই প্রার্থীকেই চিঠি দিয়ে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা।
পাড়ায় পাড়ায় কার্যালয়
২০৩ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটিতে ওয়ার্ড ৩৩টি।নির্বাচনী বিধি অনুযায়ী, মেয়র প্রার্থীর ক্ষেত্রে পুরো নগরে মোট ছয়টি নির্বাচনী কার্যালয় থাকার কথা। কিন্তু এ নিয়মের তোয়াক্কা করেননি বড় তিন দলের কোনো প্রার্থীই। এক ১৮ নম্বর ওয়ার্ডেই জাতীয় পার্টির প্রার্থীর অন্তত পাঁচটি, আওয়ামী লীগের পাঁচটি ও বিএনপির চারটি নির্বাচনী কার্যালয় রয়েছে।
একই অবস্থা কাউন্সিলর প্রার্থীদের বেলায়ও। বিধি অনুযায়ী, কাউন্সিলর প্রার্থীদের একটি ওয়ার্ডে একটি নির্বাচনী কার্যালয় করার কথা। কিন্তু প্রতিটি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থীদের একাধিক কার্যালয় রয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চারজন। ওয়ার্ডের কেল্লাবন্দ, চওড়াপাড়া, মেডিকেল মোড় ও ধাপ পাড়া এলাকায় এই চারজনেরই একটি করে কার্যালয় রয়েছে। বিক্ষিপ্তভাবে ওয়ার্ডের অন্য এলাকায় তাঁদের আরও কার্যালয় রয়েছে।
১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী গোলাম কবির বলেন, ওই সব এলাকায় আসলে সমর্থকেরা বসার জন্য জায়গা বানিয়েছেন। সেগুলো আসলে নির্বাচনী কার্যালয় নয়। তাঁর কার্যালয় একটিই। সেটি কেল্লাবন্দে অবস্থিত।
নগরের ১৮ ও ২০ নম্বর ওয়ার্ড ঘুরেও একই চিত্র দেখা গেছে। ১৮ নম্বর ওয়ার্ডের কাছারি বাজার থেকে কেরামতিয়া স্কুল মোড়, কেরানীপাড়া চার রাস্তা মোড় থেকে স্টাফ কোয়ার্টার মোড়, সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় বিভিন্ন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় রয়েছে। ২০ নম্বর ওয়ার্ডের গোমস্তাপাড়া এলাকার এক ভোটার বলেন, তাঁদের এলাকায় সড়কের পাশে পাশাপাশি স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় হয়েছে। এতে করে প্রতিমুহূর্তে উত্তেজনা ছড়াচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, আচরণবিধ মেনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গতকাল রোববার রাত থেকেই মাইকযোগে প্রচারণা চালানো হবে। এ জন্য সব প্রার্থী ও সমর্থকদের সহযোগিতা দরকার। আর নির্বাচনী বিধি লঙ্ঘন বা এ নিয়ে কোনো পরিস্থিতি তৈরি হলে, তা মোকাবিলায় নগরের ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বন্ধে এখনই যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের মোটামুটি সুন্দর পরিবেশ রয়েছে। তবে নির্বাচনী শোভাযাত্রা, পথসভার সময় রাস্তা বন্ধ করা ও বিধি না মেনে নির্বাচনী কার্যালয় স্থাপনের মতো বিষয়গুলো ঠেকাতে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।