আচরণবিধি লঙ্ঘনকারী সাংসদদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের কোনো সাংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এর আগে হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সাক্ষাতের পর সরকারি দলের সাংসদদের আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে হানিফ বলেন, ‘আমরা চাই নির্বাচন কমিশন আইনের সর্বোচ্চ প্রয়োগ করুক। আইন লঙ্ঘনকারী সাংসদ, তিনি সরকারি বা বিরোধী দলের হোক না কেন, তাঁকে ছাড় দেওয়া উচিত হবে না। পৌরসভা নির্বাচনে আমরা দলীয়ভাবে সাংসদদের সতর্ক করেছি। আবারও সতর্ক করা হবে। প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’