আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাঁচ সাংসদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা জেলার দলীয় পাঁচজন সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, সাংসদেরা তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল কবীরের পক্ষে কাজ করছেন। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন।

এনামুল কবীর আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক।

নুরুল হুদা গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সাংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুল ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুরুল হুদা সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমানের নাম উল্লেখ করে বলেন, এই দুই সাংসদ তাঁদের বাড়িতে এলাকার ভোটারদের ডেকে নিয়ে এনামুল কবীরকে ভোট দিতে চাপ দিচ্ছেন। ভোটারদের কাবিখা, কাবিটাসহ নানা বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন। বিভিন্ন স্থানে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জেলার দলীয় পাঁচজন সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও শুধু মুহিবুর রহমান মানিক ও মোয়াজ্জেম হোসেন রতনের নাম উল্লেখ করেন।

এ ব্যাপারে সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। আমাকে জনপ্রতিনিধিরা জিজ্ঞেস করলে বলছি, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের প্রতি দলের সবারই শ্রদ্ধাবোধ থাকা উচিত।’

সাংসদ মুহিবুর রহমান বলেন, ‘আমি নির্বাচনী এলাকাতেই নেই। আচরণবিধি লঙ্ঘন হতে পারে বিধায় কোনো প্রকল্প বা বরাদ্দে স্বাক্ষর দিইনি। দলীয় মনোনয়ন বোর্ড যাঁকে মনোনীত করেছে, তাঁর প্রতি দলের কর্মী হিসেবে আস্থাশীল থাকাটাই স্বাভাবিক।’