আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় উন্নয়ন প্রকল্প স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার দেড় কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্রের প্রক্রিয়া গতকাল বুধবার স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ দরপত্র প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রওশন আরা বেগমের ৭ ডিসেম্বর স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়, পৌরসভা নির্বাচনের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না।
ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে চলতি অর্থবছরে এডিপির অর্থায়নে ১৩টি শ্রেণির ৪৫ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিক্রি হয়েছিল এক হাজার দরপত্র। গতকাল ওই সব প্রকল্পের লটারি হওয়ার কথা ছিল। তবে মন্ত্রণালয়ের পরিপত্র পাওয়ার পর এ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তাহেরপুর পৌরসভায়ও তফসিল ঘোষণার আগে এডিপির অর্থায়নে ৪১টি শ্রেণির এক কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র দাখিলের দিন। মন্ত্রণালয়ের পরিপত্রের কারণে দরপত্র প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন বলে তাহেরপুর পৌরসভার সচিব সিরাজুম মুনির জানিয়েছেন। নির্বাচনের পর দরপত্র গ্রহণ বা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।