আচরণবিধির লঙ্ঘন তাঁর জন্য নেই বলে দাবি এরশাদের
সিটি করপোরেশন নির্বাচনে তাঁর জন্য আচরণবিধির লঙ্ঘন নেই বলে দাবি করেছেন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমার জন্য আচরণবিধির কোনো লঙ্ঘন নেই। আমি পার্টির চেয়ারম্যান, কর্মীদের পাশে আমাকে দাঁড়াতেই হবে।’
গতকাল শুক্রবার রাজধানীর উত্তর জুরাইনে জাপার শ্যামপুর-কদমতলী থানা আয়োজিত কর্মিসভায় দল-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য ভোট চাইতে গিয়ে এরশাদ এসব কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদের প্রার্থী সাইফুদ্দিন আহমেদের নাম উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমাদের অর্থের অভাব আছে, সংগঠনের অভাব আছে। তার পরও ওর (সাইফুদ্দিন) জেতার সম্ভাবনা আছে। ওর জন্য দোয়া চাই। তোমরা ওকে ভোট দেবে।’
এরশাদ বলেন, ‘৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী ইব্রাহিম মোল্লা আমার স্নেহভাজন। তাঁকে জয়ী করতে হবে। ৫১ নম্বর ওয়ার্ডে কাওছার আহমেদ, ৫২ নম্বরে মাঈনুদ্দীন বাবু, ৪৭ নম্বরে ফারুক হোসেন আমাদের প্রার্থী। ওদের জয়ী করতে হবে।’
কর্মিসভায় সভাপতিত্ব করেন জাপার স্থানীয় সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা।