আজ আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক
আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে আজ শনিবার সন্ধ্যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, আগামী মাসে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতে পারে। আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে সম্মেলনকেন্দ্রিক। দিন-তারিখ ঠিক করার পাশাপাশি সম্মেলন সফল করতে বিভিন্ন উপকমিটিও গঠন করা হতে পারে এই বৈঠকে। গত ডিসেম্বর মাসেই আওয়ামী লীগের ত্রিবার্ষিক কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে গঠনতন্ত্র অনুসারে, নতুন কমিটি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করছে।
ওই নেতারা বলেন, এর বাইরে আজকের বৈঠকে পৌরসভা নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় ও বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয় প্রতীকে করলে কী কী সমস্যা হতে পারে, সে বিষয়েও আলোচনা হতে পারে। সমসাময়িক রাজনৈতিক বিষয় বরাবরের মতো এবারও আলোচনা হবে।